বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২১:৩০

শাওনের জোড়া গোলে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে চাঁদপুর সদর

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
শাওনের জোড়া গোলে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে চাঁদপুর সদর

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মতলব উত্তর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। এই জয়ের মধ্য দিয়ে আগামী ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার) শিরোপা নির্ধারণী ম্যাচে ফরিদগঞ্জের মুখোমুখি হবে চাঁদপুর সদর। ম্যাচের নায়ক ফরওয়ার্ড শাওনের জোড়া গোলেই ফাইনালের পথ সুগম করে দলটি।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সেমিফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চাঁদপুর সদর। প্রথমার্ধে দলকে দারুণভাবে এগিয়ে নেন ২০ নম্বর জার্সিধারী ফরওয়ার্ড শাওন। পৃথক দুটি আক্রমণ থেকে পরপর দুটি গোল করে প্রথমার্ধেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মতলব উত্তর উপজেলা। একের পর এক আক্রমণ সাজিয়ে চাপ তৈরি করে তারা। খেলার শেষদিকে চমৎকার একটি আক্রমণ থেকে দৃষ্টিনন্দন গোল করে মতলব উত্তরের হয়ে ব্যবধান কমান আলামিন। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর।

রুদ্ধশ্বাস এই সেমিফাইনাল উপভোগ করতে চাঁদপুর স্টেডিয়ামে দর্শকদের ঢল নামে। পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে ছিল উৎসবমুখর পরিবেশ। এদিন মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়