প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২
মেঘনা-ডাকাতিয়ার বুকে নোঙর ফেললো বন্ধুত্বের তরী
তিন নদীর মিলনস্থলে এসএসসি ’৯৮ ব্যাচ ‘নোঙর বন্ধুদের মিলনমেলা’, নাচে-গানে আনন্দঘন দিন

বন্ধুত্বের টানে, স্মৃতির বন্ধনে আর দীর্ঘদিনের চেনা মুখগুলোর সঙ্গে আবারও মিলিত হওয়ার আনন্দে চাঁদপুরের নদীঘেরা সৌন্দর্যে এক আনন্দঘন দিন কাটালেন এসএসসি ’৯৮ ব্যাচের বন্ধুরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় সাড়ে সাতশ’ বন্ধুর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী নৌভ্রমণ ও বন্ধুদের মিলনমেলা। হাসি, আড্ডা, গান, নাচ আর প্রাণখোলা আনন্দে মুখর হয়ে ওঠে বিশাল লঞ্চের প্রতিটি প্রান্ত।
গত ১৩ নভেম্বর ২০২৬ (শুক্রবার) ‘নোঙর বন্ধু মিলনমেলা-২০২৬’ শীর্ষক এই আয়োজনের মধ্য দিয়ে বন্ধুদের মিলনমেলা বসে চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর অপরূপ জলরাশিতে। ‘একটি ভালো বন্ধু হাজার আত্মীয় হতে উত্তম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নৌভ্রমণে অংশ নেন ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, জামালপুর, শরীয়তপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার এসএসসি ’৯৮ ব্যাচের বন্ধুরা।
নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকা সদরঘাট ভিআইপি ঘাটের ৯/৮ নম্বর পন্টুন থেকে অ্যাডভেঞ্চার-৯ নামের বড় লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। লঞ্চে ওঠার পর থেকেই বন্ধুদের মধ্যে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস, কুশল বিনিময় আর পুরোনো দিনের স্মৃতিচারণ। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে অনেকেই যেন ফিরে যান কৈশোর ও শিক্ষাজীবনের সোনালি দিনগুলোতে। কে কোথায় আছেন, কে কী করছেন, কতো বছর পর দেখা—এসব গল্পে জমে ওঠে বন্ধুত্বের আড্ডা।
নৌভ্রমণের শুরুতেই লঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বন্ধুদের অংশগ্রহণে নাচ, গান ও নানা পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো লঞ্চের পরিবেশ। কেউ গানের সুরে মাতিয়ে তোলেন সহযাত্রীদের, কেউ নাচে-আনন্দে মেতে ওঠেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা আর স্মৃতিচারণে কাটিয়ে দেন আনন্দঘন সময়।
বয়সের হিসাব কিংবা কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে সবাই যেন ফিরে যান স্কুলজীবনের সেই দুরন্ত দিনগুলোতে। বন্ধুত্বের এই মিলনমেলায় তৈরি হয় এক প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশ।
চাঁদপুরে পৌঁছে প্রথমে বন্ধুরা অবস্থান করেন মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে। সেখানে পবিত্র জুমার নামাজ আদায় ও দুপুরের খাবার শেষে শুরু হয় পরবর্তী ভ্রমণপর্ব। এরপর মেঘনা নদীর ওপারে অবস্থিত চাঁদপুরের মিনি কক্সবাজারখ্যাত মনোরম বালুচরে সময় কাটান তারা। নদীর বিশাল জলরাশি, বিস্তীর্ণ বালুচর আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বন্ধুদের সঙ্গে ছবি তোলা, গল্প, আড্ডা ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সবাই।
পরবর্তী সময়ে লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছালে বন্ধুরা নেমে শহরের বড় স্টেশন এলাকায় মেঘনা, ডাকাতিয়া ও পদ্মার মিলনস্থল হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী ‘মোলহেড’ এলাকায় ঘুরে বেড়ান। চাঁদপুরের নদীকেন্দ্রিক প্রাকৃতিক সৌন্দর্য, নদীর বুকে নৌযানের চলাচল এবং মনোরম পরিবেশ উপভোগ করেন তারা। সেখানে এসএসসি ’৯৮ ব্যাচের চাঁদপুরের বেশ কিছু বন্ধু তাদের সঙ্গে যোগ দেন। তিন নদীর মিলনস্থলে একসঙ্গে এতো বন্ধুর উপস্থিতিতে তৈরি হয় অন্যরকম এক আনন্দঘন দৃশ্য। অনেকেই স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি ও ভিডিও ধারণ করেন।
দিনভর চাঁদপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা, সাংস্কৃতিক আয়োজন, নদীর সৌন্দর্য উপভোগ এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে আনন্দে কেটে যায় পুরো দিন। সন্ধ্যার পর আবারও ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। তবে দিনশেষে বাড়ি ফেরার পথে সবার মনেই রয়ে যায় নতুন করে তৈরি হওয়া অসংখ্য স্মৃতি, ভালো লাগা আর আবারও একসঙ্গে হওয়ার প্রত্যাশা।
আয়োজনটি শুধু একটি নৌভ্রমণেই সীমাবদ্ধ ছিল না; দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একই ব্যাচের বন্ধুদের এক সুতোয় গেঁথে দেওয়ার এক আন্তরিক প্রয়াস হয়ে ওঠে। জীবনের নানা ব্যস্ততা, পেশাগত দায়িত্ব ও পারিবারিক পরিমণ্ডলে সময়ের সঙ্গে অনেকের যোগাযোগ কমে গেলেও বন্ধুত্বের বন্ধন যে কখনো পুরোনো হয় না, এই মিলনমেলা যেন তারই প্রমাণ।
স্কুলজীবনের সহপাঠীদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা, একসঙ্গে হাসি-আনন্দ ভাগাভাগি, গান আর আড্ডায় কাটানো মুহূর্তগুলো বন্ধুদের কাছে হয়ে থাকবে স্মরণীয়। চাঁদপুরের নদী, বালুচর আর ত্রিনদীর মোহনার সৌন্দর্যের সঙ্গে এসএসসি ’৯৮ ব্যাচের বন্ধুদের এই মিলনমেলা যোগ করেছে আনন্দের এক নতুন অধ্যায়।
বন্ধুত্বের টানে এমন আয়োজনের মধ্য দিয়ে আবারও যেন প্রমাণিত হলো, জীবনের পথ যতই আলাদা হোক, প্রকৃত বন্ধুত্বের জায়গাটি সব সময়ই থাকে অমলিন।








