বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫

সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ পূর্তি, মঞ্চস্থ হলো নাটক ‘মলুয়া সুন্দরী’

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ পূর্তি, মঞ্চস্থ হলো নাটক ‘মলুয়া সুন্দরী’

‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’—এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ পূর্তি। এ উপলক্ষে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তুহিন অবন্তের রচনায় এবং এজহারুল হক মিজানের নাট্যনির্দেশনায় মঞ্চস্থ হয়েছে ঐতিহ্যবাহী কাহিনিনির্ভর নাটক ‘মলুয়া সুন্দরী’। প্রবাসের মাটিতে বাংলা নাটক ও সংস্কৃতিকে তুলে ধরার এ আয়োজনে বাংলাদেশি প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একযুগ পূর্তির অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেক কাটা, নাটক মঞ্চায়ন, সাংস্কৃতিক পরিবেশনা, জাতীয় সংগীত ও সংগঠনের নিজস্ব থিম সং পরিবেশনের পাশাপাশি একযুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো নাটক ‘মলুয়া সুন্দরী’। ময়মনসিংহ গীতিকার ঐতিহ্যবাহী আখ্যান অবলম্বনে নির্মিত নাটকটি প্রবাসী দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিহাম হাসনাত নুহা, কামরুজ্জামান, নুসরাত জাহান রীতা, পলাশ, টিটু, হৃদয়, ভুবন আকন্দ, আব্দুল আহাদ ও তুষারসহ অনেকে।

সংগীত পরিচালনায় ছিলেন জামশেদ রানা। হারমোনিয়াম ও বাঁশিতে সংগীত পরিবেশন করেন রবি সদাগর। শিল্পীদের অভিনয়, সংলাপ ও সংগীতের সমন্বয়ে নাটকটি প্রবাসের দর্শকদের কাছে বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও আবহ তুলে ধরে।

একযুগ পূর্তি উপলক্ষে দেশে ও প্রবাসে মানবিক এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় ফেনী প্রবাসী ফোরামকে। এ ছাড়া সম্মাননা গ্রহণ করেন নাট্যনির্দেশক এজহারুল হক মিজান এবং মঞ্চ অভিনেতা ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ রহমান টিটু।

উল্লেখ্য, রিয়াদ বাংলাদেশ থিয়েটার ১২ বছরের পথচলা পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করেছে। সৌদি আরবের মরুর বুকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলা ভাষা, নাটক, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সংগঠনটি ২০টিরও বেশি নাটক প্রযোজনা করেছে। প্রবাসে নিজেদের চাকরি ও পড়াশোনার ব্যস্ততার মধ্যেও একঝাঁক তরুণ-তরুণী, যুবক এবং বয়োজ্যেষ্ঠ সদস্যের সম্মিলিত আন্তরিকতায় এগিয়ে চলেছে সংগঠনটি।

শুধু নাট্যচর্চা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয় রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কার্যক্রম। প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সংগঠনটি ভূমিকা রেখে চলেছে। প্রবাসের নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচিত করানোর পাশাপাশি বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতির নিজস্ব পরিচয় তুলে ধরাই তাদের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানশেষে মধ্যরাত পর্যন্ত নাটক ‘মলুয়া সুন্দরী’ ও সাংস্কৃতিক পর্ব উপভোগ করতে আসা প্রবাসী দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি কবি মসিই সিরাজ, সাধারণ সম্পাদক গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল ও কামরুজ্জামান।

প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও বাংলা নাটক ও সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের এই দীর্ঘ পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়। এক যুগপূর্তির আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি আবারও প্রমাণ করেছে, দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক অটুট রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়