বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬

দগ্ধ ভাইয়ের পর মারা গেলো বোনও

দগ্ধ ভাইয়ের পর মারা গেলো বোনও
হাজীগঞ্জে বসতঘরের আগুনে দগ্ধ হওয়ার তিন দিন পর মারা যাওয়া শিশু মরিয়ম।
কামরুজ্জামান টুটুল

নিজ বসত ঘরে লাগা আগুনে দগ্ধ হওয়ার তিনদিন পর এবার মারা গেলো শিশু মরিয়ম (৩)। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই আগুনে পুড়ে মারা যায় মরিয়মের দেড় বছর বয়সী ছোট ভাই আনাছ। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের আতিক মেম্বারের বাড়ির। গত রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুরে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই বাড়ির নাজির আহমেদের সন্তান।

মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আতিক মেম্বার জানান, বসতঘরের সঙ্গে পুড়ে পরিবারের দুটি সন্তানই চলে গেলো। তিনি আরও জানান, তারা বর্তমানে হাসপাতালে রয়েছেন এবং ছাড়পত্র পেলে মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে ছোট ভাই-বোনকে ঘুম পাড়িয়ে তাদের মা ঘরের দরজা আটকে সংসারের কাজে বাইরে যান। এর মধ্যেই বসতঘরে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই পাশাপাশি দুটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এর আগেই ঘরের ভেতরে পুড়ে মারা যায় শিশু আনাছ এবং শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে গুরুতর আহত হয় তার বড় বোন মরিয়ম।

ঘটনার খবর পেয়ে সেদিন ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার হোসেন ভূইয়া ও প্রকল্প কর্মকর্তা আশেকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। সে সময় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়