প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ২১:০২
চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। উদ্বোধনের পর পরই একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত কয়েক শ' শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় উদ্বোধনী অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের এই আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুপ্ত ক্রীড়াপ্রতিভার বিকাশ ঘটাতে এবং ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন—সারাদেশে একযোগে শুরু হওয়া এই ক্রীড়া আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।








