প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:৫২
একই গ্রামের দুই সন্তান বর্তমান সংসদ সদস্য ও যুক্তরাষ্ট্রের সিনেটর

হাজীগঞ্জ উপজেলার একই গ্রামের দুই সন্তান আজ নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের একজন বাংলাদেশের সংসদ সদস্য এবং অন্যজন যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটর। দুই প্রতিনিধিরই জন্ম ও শৈশব কেটেছে উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে। এমনকি প্রাথমিক শিক্ষার হাতেখড়িও হয়েছে এই গ্রামের মাটিতেই। এই দুই প্রবীণ ও সফল ব্যক্তিত্ব হলেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মমিনুল হক এবং যুক্তরাষ্ট্রের সিনেটর এমডি মাসুদুর রহমান।
খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় সংসদ ২৬৪ (চাঁদপুর-৫ : হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী মো. মমিনুল হক সোনাইমুড়ি গ্রামের প্রয়াত লকিত উল্যাহর তিন সন্তানের মধ্যে মেজো। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার অধিকাংশ ভোটকেন্দ্রে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কানেকটিকাটের ৪ নম্বর ডেমোক্রেটিক আসনের সিনেটর এমডি মাসুদুর রহমান সোনাইমুড়ি গ্রামের পাটোয়ারী বাড়ির প্রয়াত নুরুল হক পাটোয়ারীর তৃতীয় সন্তান। যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করে পুনঃনির্বাচিত হন।
স্থানীয় সংবাদমাধ্যম ও নির্বাচন সূত্র অনুযায়ী, ২০২২ সালে প্রথমবার এবং পরবর্তীতে বিপুল ভোটে জয় লাভ করে ডেমোক্র্যাটদের জয়ের ধারা বজায় রাখেন চাঁদপুরের এই কৃতী সন্তান।
একই গ্রামের দুই সন্তানের এমন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের সাফল্য স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে।








