প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:৪৩
বাগাদীতে পারিবারিক ঐতিহ্য বজায় রাখতে চান পীরজাদা বরকত উল্লাহ খান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিয়েছেন পীরজাদা মো. বরকত উল্যা খান। বিগত নির্বাচনগুলোতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘চশমা’ প্রতীক নিয়ে অংশ নিয়ে ভোটারদের মনে শক্ত অবস্থান তৈরি করায় এবারেও তিনি এলাকার সর্বমহলে পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে আলোচনা রয়েছেন।
পারিবারিক ঐতিহ্য ও জনকল্যাণ :
বাগাদী দরবার শরীফ এবং বাগাদী ইউনিয়ন পরিষদ—এই দুটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকেই পীরজাদা পরিবারের সদস্যরা নেতৃত্ব দিয়ে আসছেন। পূর্বসূরিদের (বড় বাবা ও দাদা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সেই গৌরবোজ্জ্বল ধারা বজায় রাখতেই ২০১১ সাল থেকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজেকে প্রার্থী হিসেবে পরিচিত করে তোলেন পীরজাদা বরকত উল্যা খান। এছাড়া ২০১৬ সালের ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য দলীয় ফোরামের ভোটে জয়লাভ করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।
রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ :
বিএনপির আদর্শের প্রতি অবিচল থেকে বিগত সরকারের নানা রোষানল, মামলা ও হামলার মুখেও সাহসী ভূমিকা পালন করেছেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের মতে, দুঃসময়ে ঝুঁকি নিয়ে দলীয় কর্মসূচি সফল করার ক্ষেত্রে তিনি সবসময় সামনের সারিতে ছিলেন। স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, নিজের নির্বাচন ছাড়াও বিগত জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেন তিনি।
জনসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা :
গত ৫ আগস্টের পর থেকে এলাকার বিভিন্ন জটিল সমস্যা বিচক্ষণতার সাথে সমাধান করে ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছেন পীরজাদা বরকত উল্যা খান। দলীয় শীর্ষ নেতৃত্ব এবং স্থানীয় জনগণের সমর্থন পেলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়া এবং চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে তিনি আপসহীন। এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি জনগণের সেবা করতে চান।
ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতি :
পীরজাদা মো. বরকত উল্যা খানের পিতা ছিলেন বাগাদী দরবার শরীফের পীর সাহেব ও সাবেক অধ্যক্ষ এ কে এম নেয়ামত উল্যাহ খান। তাঁর বড় ভাই মাওলানা ছেফাত উল্যাহ খান আমেরিকা প্রবাসী, সেজো ভাই মাওলানা মো. মাহফুজ উল্যাহ খান সহকারী অধ্যাপক এবং ছোট ভাই দুবাই প্রবাসী ব্যবসায়ী। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক। তাঁর বড় মেয়ে বিবাহিত ও মালয়েশিয়া প্রবাসী এবং বড় ছেলে হাফেজ মো. মোতাসিম বিল্লাহ খান রুমি আলিয়া মাদ্রাসায় অধ্যয়নরত এবং ছাত্রদল কর্মী।
ভোটারদের মূল্যায়ন :
এলাকার ভোটারদের মতে, ইতিপূর্বে একাধিকবার চেয়ারম্যান পদে নির্বাচন করার অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ে শক্তিশালী যোগাযোগের কারণে পীরজাদা বরকত উল্লাহ খান অন্য প্রার্থীদের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন। বিগত নির্বাচনগুলোতে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা প্রশ্নাতীত। বংশীয় ঐতিহ্য এবং ব্যক্তিগত জনপ্রিয়তার বিচারে বাগাদী ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনি অন্যতম শক্তিশালী প্রার্থী বলে মনে করছেন স্থানীয়রা।








