প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৫:৪৬
চাঁদপুর প্রেস ক্লাবে দুদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর
প্রশিক্ষক দলে রয়েছেন বিদেশি বিশেষজ্ঞ

আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, পেশাগত নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুর প্রেস ক্লাবে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
|আরো খবর
কর্মশালার মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। চাঁদপুরের সাতটি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি- সাধারণ সম্পাদকসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে এই প্রথম এতো বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও এআই বিষয়ক প্রশিক্ষণ আয়োজিত হচ্ছে।
প্রশিক্ষণের সময়সূচি ও অতিথি :
প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার) জুম্মার নামাজ শেষে দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু হবে। উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। দ্বিতীয় দিন ৭ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এতে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।প্রশিক্ষক দল ও মূল বিষয়বস্তু : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অভিজ্ঞ দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের একটি দল প্রশিক্ষণ পরিচালনা করবেন। দলের নেতৃত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক এবং প্রভাষক তানভীর আহমেদ।
প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) ও ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সোশ্যাল মিডিয়া ও এআই যুগে সাংবাদিকতার মূলনীতি এবং সংবাদের গ্রাফিক্সের প্রাথমিক ধারণাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় হাতে-কলমে শেখানো হবে।
আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং আধুনিক সাংবাদিকতার নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। প্রশিক্ষণার্থীদের জন্য দুপুরে খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা রয়েছে।
এদিকে, মনোনীত প্রশিক্ষণার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ : সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব। মোবাইল : ০৭১১০১৩৪৪৪।







