মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২২:২৯

চাঁদপুরে আলিমে তিন মাদ্রাসার শতভাগ পাস, ফল বিপর্যয়ের কারণ খুঁজতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

আব্দুল্লাহ আল মামুন।।
চাঁদপুরে আলিমে তিন মাদ্রাসার শতভাগ পাস, ফল বিপর্যয়ের কারণ খুঁজতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

২০২৬ সালের আলিম পরীক্ষায় চাঁদপুরে মাত্র তিনটি মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেসব প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের কারণ জানতে অধ্যক্ষদের কাছে ব্যাখ্যা চেয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের জবাবদিহি নিশ্চিতকরণ এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং আগামী শিক্ষাবর্ষে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে করণীয় নির্ধারণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভায় উপস্থাপিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর হাজীগঞ্জের নেহারাবাদ ছালেহিয়া ফাজিল মাদ্রাসা, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা এবং বাকিলা ফাজিল মাদ্রাসায় পাসের হার শতভাগ। এসব প্রতিষ্ঠানের সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের অভিনন্দন জানান জেলা প্রশাসক। পাশাপাশি অন্যান্য মাদ্রাসার ফলাফল পর্যালোচনা করে দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় জেলা প্রশাসক বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষদের কাছে ফলাফল আশানুরূপ না হওয়ার কারণ জানতে চান। এ সময় কয়েকজন অধ্যক্ষ জানান, অনেক মাদ্রাসায় আইসিটি বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা এ বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটছে। এছাড়া বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা একাডেমিক সময়সূচি পরিবর্তন করে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেন তাঁরা। শিক্ষকদের এসব মতামত ও প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন জেলা প্রশাসক।

তিনি মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষকদের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা, ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া এবং আন্তঃবিষয়ভিত্তিক শিক্ষার মান বাড়ানোর নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষকদের কোচিং বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততা বন্ধ, নিয়মিত মনিটরিং এবং শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার বিষয়েও কঠোর নির্দেশনা প্রদান করেন।

সভায় শিক্ষা কার্যক্রমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উত্থাপিত বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে জানান জেলা প্রশাসক।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এবং জেলার সকল আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে আগামীতে চাঁদপুরের মাদ্রাসাগুলোতে পরীক্ষার ফলাফলের পাশাপাশি শিক্ষার গুণগত মানও আরও উন্নত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়