প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৭:০০
চাঁদপুরের ৭ কলেজে আনসার-ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

জননিরাপত্তা জোরদার, আর্থসামাজিক উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরের সাতটি উপজেলায় একযোগে ১০ দিনব্যাপী ‘কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ’ শুরু হয়েছে।
|আরো খবর
গত ১ নভেম্বর ২০২৬ থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলার নির্বাচিত সাতটি কলেজে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে বিভিন্ন কলেজের মোট ৪৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
চাঁদপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ পড়ুয়া তরুণদের মাঝে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ ও স্বেচ্ছাসেবী মানসিকতা বিকাশের লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ১০ দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা, জননিরাপত্তা বিধান, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে ব্যবহারিক ও তত্ত্বীয় জ্ঞান প্রদান করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি, আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা উন্নয়ন এবং বৈদেশিক কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁদপুরের জেলা কমান্ড্যান্ট জানান, শিক্ষার্থীদের সুসংগঠিত, দক্ষ ও দেশপ্রেমিক জনসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যুবসমাজকে ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এই প্রচেষ্টা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।








