সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৬:২৮

ফরিদগঞ্জে ‘ওনূআ’ ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে গণসংযোগ ও প্রচারপত্র বিলি

স্টাফ রিপোর্টার।।
ফরিদগঞ্জে ‘ওনূআ’ ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে গণসংযোগ ও প্রচারপত্র বিলি
ফরিদগঞ্জ পৌর এলাকায় ‘ওনূআ’ ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিলি করছেন ওনূআ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌর এলাকায় ঐতিহ্যবাহী ‘ওনূআ’ ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে গণসংযোগ ও প্রচারপত্র (লিফলেট) বিলি করা হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচি পালন করে ‘ওনূআ স্মৃতি সংসদ’। কর্মসূচিতে দুটি ভিন্ন প্রচারপত্র বিলি করা হয়। এর মধ্যে একটিতে বিভিন্ন মুসলিম প্রধান দেশে অবস্থিত খ্যাতনামা ভাস্কর্যের ছবি ও তথ্য তুলে ধরা হয়। অন্যটিতে যাদের নামে এ ভাস্কর্য ও পাঠাগারটি প্রতিষ্ঠিত—ফরিদগঞ্জের সেই তিন কৃতী সন্তান ওয়ালীউল্লাহ নওজোয়ান, নূরেজ্জামান ভূঁইয়া ও আইউব আলী খানের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়।

ওনূআ স্মৃতি সংসদের সভাপতি সাবেক অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল এই প্রচারপত্র বিতরণ করেন। ওনূআ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ আবু তাহের সড়ক, উপজেলা পরিষদ এলাকা, দলিল লেখক অফিস এবং পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি চালানো হয়। পরবর্তীতে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝেও এ প্রচারপত্র বিলি করা হয়।

প্রচারপত্র বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন নূরেজ্জামান ভূঁইয়ার পুত্র কবি-সাহিত্যিক কামরুজ্জামান ভূঁইয়া, আইউব আলী খানের নাতি মাসুদ খান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক শিক্ষক হিতেশ শর্মা, মোশাররফ হোসেন বাবলু, মমতাজ উদ্দীন সরকার এবং ওনূআ স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সদস্য রহিমা আক্তার কলি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়