প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ২১:২৯
চাঁদপুর লঞ্চঘাটে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবককে ৬ মাসের কারাদণ্ড

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ মনির হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
|আরো খবর
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর লঞ্চঘাট এলাকার জুয়েলের সিএনজি ওয়ার্কশপে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত মনির হোসেন চাঁদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানঘাট এলাকার ডাক্তার বাড়ির মৃত শাহজাহান ডাক্তার ও সুফিয়া বেগমের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি। তিনি অপরাধ স্বীকার করায় অভিযুক্ত মনির হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।








