রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৬:২৪

হাজীগঞ্জে দিনে ১০ ঘণ্টা করে ৮-১০ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে দিনে ১০ ঘণ্টা করে ৮-১০ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে ও সড়ক সম্প্রসারণের সুবিধার্থে বৈদ্যুতিক খুঁটি অপসারণের কাজ হাতে নেওয়া হয়েছে। এ কারণে হাজীগঞ্জ বাজার এলাকায় টানা ৮ থেকে ১০ দিন প্রতিদিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (২ নভেম্বর ২০২৬) হতে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এই কাজ ঠিক কতোদিন চলবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

রোববার (১ নভেম্বর ২০২৬) চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর হাজীগঞ্জ সদর দপ্তর থেকে জেনারেল ম্যানেজার গোবিন্দ আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে রাস্তা সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। এ জন্যে রাস্তার পাশে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিগুলো নিরাপদ দূরত্বে স্থানান্তর করা জরুরি হয়ে পড়েছে। ২ নভেম্বর ২০২৬ থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুঁটি স্থানান্তরের কাজ চলবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাস্তার দুপাশে পৌরসভার পানির লাইন, গ্যাস, ইন্টারনেট ও ডিশ লাইনের তার থাকায় খুঁটি স্থানান্তরের সময় সাময়িক যানজট ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এ অবস্থায় উন্নয়নমূলক কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

খুঁটি সরানোর বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১- এর জেনারেল ম্যানেজার (জিএম) গোবিন্দ আগরওয়ালা ‘চাঁদপুর কণ্ঠ’কে জানান, “খুঁটি সরানোর কাজে ৫, ৭ কিংবা ১০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। ঠিকাদারকে যত দ্রুত সম্ভব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।” কতগুলো খুঁটি অপসারণ করতে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সঠিক সংখ্যাটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের সুবিধার্থে যেসব খুঁটি অপসারণ করা প্রয়োজন, সেগুলোর সবক'টিই সরানো হবে।”

উল্লেখ্য, সম্প্রতি হাজীগঞ্জ বাজার অংশে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে স্লাব ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। কিন্তু ঢালাইয়ের ভেতরে বেশ কয়েকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটি আটকা পড়ে। এতে যান চলাচল শুরু হলে খুঁটিগুলো মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়। পরবর্তীতে সর্বমহলের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বিষয়টি সমাধানের মুখ দেখে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়