রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৬:১৩

রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে রিফাত চৌধুরী (১৬) নামের দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যার পর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা চৌধুরী বাড়ির মৃত আফাজ উদ্দিনের একমাত্র ছেলে মোহাম্মদ রিফাত চৌধুরী বন্ধুদের সাথে জলপাই গাছে ওঠে। এ সময় অসাবধানতাবশত হাত ফসকে গাছ থেকে নিচে পড়ে সে মারাত্মক আহত হয়।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার (১ নভেম্বর ২০২৬) ভোররাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত রিফাত আশারকোটা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিলো। স্বজনরা জানান, আগামী ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো তার এবং বর্তমানে তার টেস্ট পরীক্ষা চলছিলো। রিফাতের নিকটাত্মীয় মাস্টার জাকির হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়