প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১২:১০
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার সভাপতির শুভেচ্ছা

শিশুদের আকাঙ্খিত সংগঠন ‘মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলা’র ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘কচি-কাঁচা দিবস’ উপলক্ষে ক্রোড়পত্র প্রকাশিত হচ্ছে। এতে আমি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত।
আজও আমার স্পষ্ট মনে পড়ছে শুরুর সেই দিনের কথা। সেদিন এক ঝাঁক শিশুর কল-কাকলি, হাসি-আনন্দে পুরাতন ডাক বাংলোর প্রাঙ্গন মুখরিত হয়েছিল। ঘাসের উপর বসে সংগঠন ঘোষনার পর পরই শিশুরা হৈ চৈ ও আনন্দে মেতে উঠেছিল। যা আজও আমার মনকে দোলা দেয়।
ভাবতে অবাক লাগে, আমি শিহরিত হই ভেবে, ১৯৬৮ সালের ৫ নভেম্বর, সোনালী বিকেলে জাতীয় শিশু-কিশোর সংগঠন, ‘কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’র শাখা ‘মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার’ জন্ম। শিশু, তরুন, প্রবীন সদস্যগণ পরষ্পরের হাত ধরে অক্লান্ত পরিশ্রম করে, সব বাধা-বিপত্তি উপেক্ষা, শত ঝড়-ঝঞ্চা তোয়াক্কা না করে সংগঠনটিকে গড়ে তোলার আপ্রান চেষ্টা চালিয়েছে এবং অত্যন্ত সফল হয়েছে। শিশুদের কারিকুলাম বহির্ভূত কর্মসূচী এবং শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্প গ্রহনের মাধ্যমে ‘শিশুবাগ’ নামক প্রাঙ্গনটিকে শিশু-কিশোররা মাতিয়ে রেখেছে এবং তাদের জীবন সার্থক হয়েছে। ৫৮ বছরে শপথ, আমাদের দৃপ্ত চলার পথ কোনদিন থামার নয়-আমরা শুধু এগিয়ে চলবো ভবিষ্যত পানে। আমাদের অগ্রযাত্রায় অতীতের মত ভবিষ্যতেও সবার আন্তরিক সৌহার্দ্য ও সহযোগিতা কামনা করি।
মো. মাকসুদুল হক বাবলু
সভাপতি
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা








