সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:০১

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-২৯

চেয়ারম্যান হলে ইউনিয়নে সুষম উন্নয়ন করবো

...........মো. আক্তার হোসেন

নুরুল ইসলাম ফরহাদ।।
চেয়ারম্যান হলে ইউনিয়নে সুষম উন্নয়ন করবো

মো. আক্তার হোসেন, এলাকায় যাকে আক্তার নামেই চিনে। ব্যবসার পাশাপাশি তিনি রাজনীতি করেন। ছোট বেলা থেকেই বিএনপিকে মনেপ্রাণে ভালোবাসেন। রাজনীতি করতে গিয়ে, রাজপথে সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলও খাটতে হয়েছে। মামলা-হামলা তো কমন বিষয়। সর্বশেষ তিনি উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সদস্য ছিলেন। এছাড়া বিগত ২৫ বছর যাবত ছাত্রদল, যুবদলের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ১৩টি মামলা দায়ের করে। মামলায় তিনি চাঁদপুর কারাগারে ১৩৫দিন, কেন্দ্রীয় কারাগারে ৪৮দিনসহ মোট ১৮৩ দিন কারাবরণ করেন। আবু বকর সিদ্দিক মাদ্রাসা ও এতিমখানা এবং চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের আজীবন সদস্য তিনি। গাব্দেরগাঁও হাজী বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। গাব্দেরগাঁও মৃধাবাড়ি জামে মসজিদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি কেমন ইউনিয়ন গড়বেন এবং নির্বাচন বিষয়ে কথা বলেছেন চাঁদপুর কণ্ঠের সাথে।

চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে কোন্ পদে প্রার্থী হচ্ছেন?

মো. আক্তার হোসেন : আমি স্থানীয় সরকার নির্বাচনে ফরিদগঞ্জের ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি।

চাঁদপুর কণ্ঠ : অতীতে কি কখনও নির্বাচনে অংশগ্রহণ করেছেন?

মো. আক্তার হোসেন : না।

চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন?

মো. আক্তার হোসেন : ইনশাআল্লাহ দলীয় সমর্থন প্রত্যাশা করি। দীর্ঘ সময় ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। দলের জন্যে অনেক কিছুই মুখ বুঁজে সহ্য করেছি। তাই দলের প্রতি প্রত্যাশা থাকবেই।

চাঁদপুর কণ্ঠ : পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান, নাকি বিজয়ী হওয়ার জন্যে নির্বাচন করবেন?

মো. আক্তার হোসেন : ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণের জন্যে এবং বিজয়ী হওয়ার জন্যেই নির্বাচন করবো।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?

মো. আক্তার হোসেন : আমি শতভাগ আশাবাদী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?

মো. আক্তার হোসেন : ইউনিয়নের জনগণের প্রতি আহ্বান থাকবে-- যার দ্বারা জনগণের উপকার হবে জনগণ যেনো তাকেই ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি চেয়ারম্যান হলে ইউনিয়নে সুষম উন্নয়ন করবো। বিশেষ করে এতোদিন যে এলাকা উন্নয়ন বঞ্চিত রয়েছে, সে এলাকাকে অগ্রাধিকার দিবো।

চাঁদপুর কণ্ঠ : আপনার জীবনে জনকল্যাণমূলক কাজের কোনো উদাহারণ আছে? থাকলে দু-একটি বলতে পারেন?

মো. আক্তার হোসেন : জনগণের কল্যাণে অনেকগুলা কাজ করেছি, যেটা আসলেই জনসম্মুখে প্রকাশ করা যায় না। আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, জনগণের কল্যাণে যে কাজ করেছি। তার একটা উদাহরণ হলো--কালা মিস্ত্রি বাড়ির পুকুরের গাইড ওয়াল করে দিয়েছি নিজের অর্থায়নে। এছাড়া আরো বহু কল্যাণমূলক কাজ করেছি এবং করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়