প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৩
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা মেলা সম্পন্ন

চাঁদপুরের বাবুরহাটে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে তিন দিনব্যাপী 'কারিগরি শিক্ষা মেলা-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। গত ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মেলা আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো. আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ড্যাফোডিল গ্রুপের উপ-পরিচালক মো. জাফর ইকবাল খান।
উদ্বোধনী ও সমাপনী আলোচনায় বক্তারা বলেন, আধুনিক বিশ্বে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখার সুযোগ তৈরি করে দেয়, যা তাদের দেশ-বিদেশের কর্মসংস্থানে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও নতুন উদ্যোক্তা তৈরিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।
মেলার মূল আকর্ষণগুলোর মধ্যে ছিলো : উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী : শিক্ষার্থীদের তৈরি প্রযুক্তিনির্ভর মডেল ও ব্যবহারিক কাজের মেধা বিকাশ;
প্রযুক্তির উপস্থাপন : আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষার নতুন নতুন দিক তুলে ধরা;
পরামর্শ কেন্দ্র : কারিগরি শিক্ষায় উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও দেশ-বিদেশের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা।
আয়োজকরা জানান, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই মেলার আয়োজন করা হয়েছিলো। মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই মেলা চাঁদপুর অঞ্চলে কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








