শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১

এমপির নির্দেশে মোল্লা খোড়ে স্টেডিয়াম নির্মাণে হবে সমীক্ষা

হাজীগঞ্জে খেলাধুলার পাশাপাশি খুলবে পর্যটন ও কর্মসংস্থানের দুয়ার

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে খেলাধুলার পাশাপাশি খুলবে পর্যটন ও কর্মসংস্থানের দুয়ার
ছবি ক্যাপশন: হাজীগঞ্জের মোল্লা খোড় এলাকা, যেখানে স্টেডিয়াম নির্মাণের প্রাথমিক সমীক্ষা চলবে। ছবি : চাঁদপুর কণ্ঠ

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হকের নির্দেশে হাজীগঞ্জে একটি নতুন স্টেডিয়াম নির্মাণের প্রাথমিক সমীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়নের 'মোল্লা খোড়' এলাকাকে এই প্রকল্পের জন্যে বিবেচনা করা হচ্ছে। স্থানটিকে স্টেডিয়ামের জন্যে অত্যন্ত চমৎকার ও সম্ভাবনাময় হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের তিন কিলোমিটার দক্ষিণে ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত এই 'মোল্লা খোড়'। স্থানীয়দের মতে, এখানে স্টেডিয়াম নির্মিত হলে একদিকে যেমন খেলাধুলার প্রসার ঘটবে, অন্যদিকে নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন দর্শনার্থীরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের এনায়েতপুর পয়েন্ট থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণে ডাকাতিয়া নদী। নদীর পাড়ে মোহাম্মদপুর গ্রামে প্রাকৃতিক জীববৈচিত্র্য ও 'ডাকাতিয়ার চর' হিসেবে খ্যাত বিশাল ফাঁকা জমিটি সরকারি খাস সম্পত্তি হিসেবে নিবন্ধিত। সেখানে একটি মৎস্য অভয়াশ্রম রয়েছে। স্থানীয়দের মতে, এই অভয়াশ্রম অক্ষুণ্ণ রেখেই পাশের ফাঁকা জমিতে আধুনিক স্টেডিয়াম গড়ে তোলা সম্ভব।

নথি সূত্রে জানা যায়, মোহাম্মদপুর মৌজার সাবেক ১৩০ ও ১৪৬ দাগের অংশবিশেষ এবং বর্তমান ১২৭০ দাগে প্রায় ১,২০৫ শতাংশ জলাভূমি রয়েছে। প্রতি বছর এই স্থানে মাছের প্রজনন ও বিচরণ উপযোগী পরিবেশ রক্ষার অংশ হিসেবে মৎস্য অভয়াশ্রম পরিচালনা করে আসছে মৎস্য বিভাগ।

সম্প্রতি হাজীগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য মো. মমিনুল হক জানান, হাজীগঞ্জে স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে মোল্লা খোড় এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন বলেন, “মাননীয় সংসদ সদস্য মহোদয় বিষয়টি নিয়ে কথা বলেছেন। দু-একদিনের মধ্যে মোল্লা খোড় এলাকা পরিদর্শন করে সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সংসদ সদস্য মো. মমিনুল হক বলেন, “মোল্লা খোড়ে স্টেডিয়াম নির্মিত হলে যাতায়াতের জন্যে আমরা নতুন সড়ক নির্মাণ করে দেবো। মৎস্য অভয়াশ্রমের কোনো ক্ষতি না করে সেখানে স্টেডিয়াম করা সম্ভব কি না তা যাচাইয়ের দায়িত্ব ইউএনওকে দেওয়া হয়েছে।”

এদিকে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, মোল্লা খোড়ে স্টেডিয়াম নির্মিত হলে এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমিতে পরিণত হবে। এক পাশে বহমান ডাকাতিয়া নদী, অন্য পাশে সুবিশাল মৎস্য অভয়াশ্রম এবং সবুজে ঘেরা গ্রামীণ জনপদ—সব মিলিয়ে এটি অত্যন্ত দৃষ্টিনন্দন রূপ নেবে। এছাড়া এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় হাজারো মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়