বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৯

মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মাথায় যুবকের মৃত্যু

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মাথায় যুবকের মৃত্যু

মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির মাত্র দুই ঘণ্টার মাথায় মো. সিয়াম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আব্দুস সোবাহানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে সিয়াম প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। কিন্তু হাসপাতালে না গিয়ে বাড়িতেই তার চিকিৎসা চলছিল। বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার চরম অবনতি হলে স্বজনেরা তাকে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, পরীক্ষা-নিরীক্ষায় সিয়ামের শরীরে ডেঙ্গুর উপসর্গ ধরা পড়ে। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে আশু উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর (রেফার) সিদ্ধান্ত দেন এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত করেন। তবে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলাকালেই রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ড. মো. মোবারক হোসেন মামুন জানান, রোগী সিয়ামকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মধ্যে ডেঙ্গুর উপসর্গ ছিল এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু রওনা হওয়ার আগেই তার মৃত্যু ঘটে।

ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়া বাবা আব্দুস সোবাহান বলেন, "এক সপ্তাহ ধরে ছেলেটার জ্বর ছিল। বারবার ডাক্তারের কাছে যেতে বললেও সে যায়নি। বুধবার অবস্থা বেশি খারাপ হওয়ায় হাসপাতালে আনি। ডাক্তার ঢাকায় নিতে বললে অ্যাম্বুলেন্সও ঠিক করেছিলাম, কিন্তু ঢাকায় রওনা হওয়ার আগেই ছেলেটা আমাদের ছেড়ে চলে গেলো।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়