প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:১২
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মতলব উত্তরে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ছেংগারচর স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে ছেংগারচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলশেষে স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ সোহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. মঞ্জুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জল ফরাজী ও সদস্য সচিব মো. আলম সরকার।
বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তাঁরা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার সমুন্নত রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাবে। উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বেপারী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাজিব আহমেদ, কামাল, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব মো. জয়নাল পাটোয়ারী, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. কবির সরকারসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।








