মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৪:০০

মতলবে যুব সমাজের নিজস্ব অর্থায়নে পাকা সড়ক সংস্কার, এলাকাবাসীর দুর্ভোগ হ্রাসে স্বস্তি

মাহবুব আলম লাভলু
মতলবে যুব সমাজের নিজস্ব অর্থায়নে পাকা সড়ক সংস্কার, এলাকাবাসীর দুর্ভোগ হ্রাসে স্বস্তি

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর এলাকায় দীর্ঘদিনের অবহেলায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সড়ক স্থানীয় যুব সমাজের উদ্যোগে মেরামত করা হয়েছে। এতে চরম দুর্ভোগ থেকে রক্ষা পেলো এলাকাবাসী। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, গাজীপুর থেকে নবুরকান্দি যাওয়ার পথে রহিমার বাড়ি থেকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়। ফলে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সম্প্রতি ক'দিনের টানা ভারী বৃষ্টিতে রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়ে পড়ে এবং এটি প্রায় সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এমন পরিস্থিতিতে এলাকার যুব সমাজ এগিয়ে আসে। তারা নিজস্ব অর্থায়নে রাস্তাটির গর্তগুলোতে ইটের খোয়া ও বালু ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলে।

এই উদ্যোগে নেতৃত্ব দেন ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মকশেদ আলী। তাঁর সঙ্গে ছিলেন শ্রমিকদল নেতা আমিনুল হক মিজি, জাহাঙ্গীর কাজী, নাজমুল মোল্লা, শরীফ প্রধান, মোস্তফা মাঝি ও সেলিম মোল্লা। তারা সম্মিলিতভাবে নিজস্ব টাকা ব্যয় করে রাস্তাটি সংস্কার করেন। ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মকশেদ আলী জানান, বিভিন্ন স্থানে সড়কে বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়। যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি মেরামতের ফলে এখন চলাচলে স্বস্তি ফিরেছে। বিশেষ করে শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারছে।

স্থানীয়দের মতে, যুব সমাজের এই কল্যাণধর্মী স্বতঃস্ফূর্ত উদ্যোগ ইতোমধ্যেই পুরো উপজেলায় প্রশংসিত হয়েছে। তারা দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, এমপি মহোদয়ের সংস্কার প্রকল্প তালিকায় এ সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্প অনুমোদন হয়ে আসলে সড়কটি দ্রুত সংস্কার করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ কুলসুম মনি বলেন, যুব সমাজের এ ধরনের উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানাই। মানবিক ও সামাজিক কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়