শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:৪২

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন চাঁদপুর সদর উপজেলা

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন চাঁদপুর সদর উপজেলা

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ‘২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফাইনালে ফরিদগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা। শিরোপা জয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেল পৌনে ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলা।

খেলা শুরুর মাত্র ৭ মিনিটের মাথায় ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহেলের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় চাঁদপুর সদর উপজেলা। এরপর ২০ নম্বর জার্সিধারী শাওন আরও একটি গোল করলে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সদর দল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রক্ষণভাগের ৩ নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার আশিকের দর্শনীয় গোলে ব্যবধান ৩-০ করে নেয় চাঁদপুর সদর।

টুর্নামেন্টের এই ফাইনাল উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শকের ঢল নামে। দীর্ঘদিনের ফুটবল উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশে যেন জেলার ফুটবলের পুরনো ঐতিহ্য ফিরে আসে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফিসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং ইঞ্জি. মমিনুল হক। এ সময় ফরিদগঞ্জের সংসদ সদস্য এম এ হান্নান মাঠে উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হন চাঁদপুর সদর উপজেলার মাহিব, সর্বোচ্চ গোলদাতা (৪ গোল) চাঁদপুর সদর উপজেলার ২০ নম্বর জার্সিধারী শাওন, ম্যান অব দ্য ফাইনাল হন চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর জার্সিধারী তুহিন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর জার্সিধারী পুষ্প।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ ছাড়া চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপশন: ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চাঁদপুর সদর উপজেলার খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

। সাথে রয়েছেন চাঁদপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ছবি : ইয়াসিন ইকরাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়