প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৩:২৭
তিনবারের ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে কল্যাণপুরে শোকের ছায়া
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাল আর নেই

চাঁদপুর সদর উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান মাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা ও স্মৃতিভ্রংশতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাল কল্যাণপুর ইউনিয়নের একজন সম্মানিত ও সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি পরপর তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক নির্মাণ, জনসেবামূলক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ জনপ্রতিনিধিত্বের সুবাদে স্থানীয়দের সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। একজন মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের কাছে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল গফুর মালের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর দুই ছেলে বর্তমানে যুক্তরাজ্য ও সৌদি আরবে অবস্থান করছেন। মুঠোফোনে মরহুমের বড় ছেলে জাহাঙ্গীর আলম জানান, বাবার মৃত্যুর খবর পেয়ে শনিবার দুপুরে লন্ডন থেকে বিমানযোগে দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি। এ সময় তিনি তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান এবং জীবদ্দশায় তাঁর কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
শনিবার (২৮ নভেম্বর) বাদ আসর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম মুফতি ফারুক আহমেদ।
তাঁর মৃত্যুতে কল্যাণপুরবাসী একজন অভিজ্ঞ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সমাজহিতৈষী ব্যক্তিত্বকে হারালো। তাঁর দীর্ঘদিনের জনসেবামূলক কাজ ও স্মৃতি স্থানীয় মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।








