প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬
প্রিয়া মরে, প্রেম মরে না

চারদিকে সবুজের সমারোহ। যত দূর চোখ যায়, সবুজ ফসলের শিষ বাতাসে দোল খায়। কী অপূর্ব সেই দৃশ্য! মনকে সহজেই ভুলিয়ে দেয়। এটি একটি গ্রামের ঘটনা। তবে এর মধ্যে রয়েছে বাস্তব প্রেমের কিছু গল্প।
গ্রামটির নাম বারইকান্দি। এটি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের একটি গ্রাম। এ গ্রামের চারদিকে তাকালে দেখা যায়, শুধু সবুজ ফসলের মাঠ আর মাঠ। উত্তর, দক্ষিণ, পূর্ব কিংবা পশ্চিম—যেদিক থেকেই বাতাস আসুক না কেন, তা সবুজ ফসলের গায়ে স্পর্শ করে যায়। বাতাসের পরশে মাঠের হরেক রকমের ফসল ও গাছপালা যেন দোল খেতে থাকে।
তবে সব ফসলের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর দেখায় সরিষার ফুল। মনে হয়, পুরো মাঠজুড়ে হলুদের আবরণ ছড়িয়ে আছে।
বারইকান্দি গ্রামের একটি বাড়ি হলো দাসবাড়ি। একসময় এদের পৈতৃক সম্পত্তি ছিল মুদাফ্ফরগঞ্জের জমিদারবাড়ি। সেখান থেকে কেউ কেউ জমিদারি প্রথা ছেড়ে বারইকান্দি গ্রামে এসে বসতি গড়ে তোলেন। এখানেও তারা দাপটের সঙ্গে বসবাস করতেন। এ গ্রামের আরেকটি পরিচিত বাড়ি হলো নোয়াগাঁও সরকারবাড়ি।
দাসবাড়ির ছেলে দীপ। সে বাবা-মায়ের সঙ্গে শহরে বসবাস করে। মন চাইলে বছরে দু-একবার গ্রামের বাড়িতে আসে। দীপদের বাড়িতে পৌষ মাসের শেষ দিন থেকে সপ্তাহব্যাপী মেলা বসত। হরিমন্দিরে হতো নামকীর্তন। সেই সময় দীপ পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আসত। এ ছাড়া দীপ থাকত চাঁদের নগরী কুমিল্লায়।
১৯৮৮ কিংবা ১৯৮৯ সাল। দীপের গ্রামের বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেছেন তার বড় দাদা। পূজার কয়েক দিন আগেই দীপ গ্রামের বাড়িতে চলে আসে।
একদিন বিকেলে বাড়িতে দীপের ভালো লাগছিল না। তাই সে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। গ্রামের অনেকেই দীপকে চিনত না। দোকানের সামনে আসতেই অনেকে তার কাকাতো ভাইদের জিজ্ঞাসা করে, ‘ছেলেটি কে? আগে তো কখনো দেখিনি!’
তারা বলে, ‘আমার জ্যাঠাতো ভাই। শহরে থাকে।’
দীপ কাকাতো ভাইদের সঙ্গে হাঁটতে হাঁটতে সরকারবাড়ির সামনে চলে আসে। সেখানে শেষ বিকেলের আলোয় হলুদ সরিষার ক্ষেতের সরু পথ ধরে এক শ্যামলা বর্ণের তরুণীকে হাঁটতে দেখে। মেয়েটি গুনগুন করে গান গাইছিল।
দীপ তার কাকাতো ভাই বিশুকে বলে, ‘ও কে রে দাদা?’
বিশু বলে, ‘সরকারবাড়ির মেয়ে। সেও শহরে থাকে। হয়তো পূজায় গ্রামের বাড়িতে এসেছে।’
দীপ মনে মনে ভাবে, মেয়েটির সঙ্গে এক মিনিট কথা বলতে পারলেই প্রেম জমে যাবে।
বিশু জানতে চায়, ‘কী বিড়বিড় করছিস?’
দীপ বলে, ‘বললাম, ওর সঙ্গে এক মিনিট কথা বলতে পারলেই প্রেম শুরু হয়ে যাবে।’
বিশু বলে, ‘বাজি ধরবি?’
দীপ বলে, ‘হ্যাঁ, বাজি। তবে ওর সঙ্গে কথা বলার ব্যবস্থা তুই করে দিবি।’
বিশু বলে, ‘কাল যেভাবেই হোক, তোকে ওর সামনে নিয়ে যাব। তবে ওর নাম জেনে রাখ। ওর নাম মিঠু। কুমিল্লায় থাকে। ওর বাবা সরকারি চাকরি করেন।’
সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেমে আসে। তারা বাড়িতে ফিরে যায়। রাতের খাবার খেয়ে বিশু ও দীপ ঘুমাতে চলে যায়।
শুয়ে শুয়ে বিশু বলে, ‘দেখ, তুই কিন্তু বাজি ধরেছিস।’
দীপ বলে, ‘বললাম তো, বাজি ধরেছি।’
বিশু বলে, ‘কাল দুপুরের মধ্যেই তোকে ওদের বাড়িতে নিয়ে যাব। সেখানে আমার এক বন্ধু আছে। সে মিঠুর মামা।’
রাতা কোনোভাবে কাটায় দীপ। সকাল হতে না হতেই বিছানা থেকে উঠে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। বাড়ির উঠানে একা একা হাঁটতে থাকে। যেখানে পূজামণ্ডপ তৈরি করা হয়েছে, সেখানে কারিগর প্রতিমা তৈরির কাজ করছেন। দীপ সেখানে গিয়ে বসে।
কিন্তু তাতেও তার মন বসে না। মা ডাকেন, ‘দীপ, কোথায় রে? খাবি না? আয়।’
দীপ খাবার ঘরে যায়। বিশুসহ সবাই একসঙ্গে সকালের খাবার খায়।
খেতে খেতে দীপ বলে, ‘বিশুদা, যাবি না?’
বিশু বলে, ‘হ্যাঁ, যাব।’
বিশু হাসি-ঠাট্টা করে বলে, ‘কিরে, রাতে ঘুম হয়নি?’
দীপ বলে, ‘না।’
এভাবে দুই ভাই দুষ্টুমি করে সময় কাটায়।
একসময় বিশু বলে, ‘চল, দোকানের দিকে যাই।’
দীপ ও বিশু বাড়ি থেকে বের হয়ে দোকানের দিকে যায়। দোকানের সামনে কিছু সময় কাটিয়ে তারা সরকারবাড়ির উদ্দেশে রওনা হয়।
ওই বাড়ির শ্যামল হলো বিশুর বন্ধু। শ্যামলদের বাড়িতে গিয়ে বিশু বলে, ‘মাসি, শ্যামল কোথায়?’
মাসি বলেন, ‘আছে। পুকুরে গোসল করতে গেছে। তোমরা ঘরে এসে বসো।’
মাসি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বিশু ও দীপ ঘরে গিয়ে বসে।
এমন সময় মিঠু তার মাসির ঘরে আসে। কিছুক্ষণ পর গোসল শেষ করে শ্যামলও ঘরে আসে।
শ্যামল জানতে চায়, ‘কিরে বিশু, কী মনে করে এলি?’
বিশু বলে, ‘আমার জ্যাঠাতো ভাই শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে।’
এ কথা শুনে মিঠু সামনে এগিয়ে আসে। সে শ্যামলকে মামা বলে ডাকে।
দীপ জিজ্ঞাসা করে, ‘ও কি আপনার ভাগনি?’
শ্যামল বলে, ‘হ্যাঁ।’
মিঠু আবার সামনে এসে দাঁড়ায়।
দীপ জানতে চায়, ‘কোথায় থাকেন?’
মিঠু উত্তর দেয়, ‘কুমিল্লায়। দুর্গাপূজা উপলক্ষে মামার বাড়িতে এসেছি। এবার আমরা নিজেরাই বাড়িতে দুর্গাপূজার আয়োজন করছি। আসবেন কিন্তু?’
কয়েক মিনিটের আলাপেই দীপ মিঠুর চোখে ভালোবাসার ছায়া দেখতে পায়। চোখের ইশারায় মিঠু দীপকে ডাকল।
চা খেয়ে বিশু ও দীপ শ্যামলদের বাড়ি থেকে বের হয়ে আসে। উঠানে নামতেই মিঠু কাউকে যেন বলল, ‘বিকেল চারটায় দেখা করবে।’
দীপ বলে, ‘বিশুদা, হয়ে গেছে!’
বিশু জানতে চায়, ‘কী হয়ে গেছে?’
দীপ বলে, ‘প্রেম-ভালোবাসা!’
বিশু বলে, ‘কীভাবে?’
দীপ বলে, ‘ওর মামার বাড়ি থেকে বের হওয়ার সময় মিঠু কী বলেছে, শুনিসনি? বিকেল চারটায় দেখা করতে বলেছে।’
বিশু বলে, ‘তোকে বলেছে?’
দীপ বলে, ‘হ্যাঁ, আমাকে বলেছে।’
দুজন বাড়িতে ফিরে গোসল করে দুপুরের খাবার খায়। এরপর বিশ্রাম নেয়। বিশু মনে মনে ভাবতে থাকে, দীপ মিঠুকে পটাতে পারবে না।
বিকেলে বিশুকে সঙ্গে নিয়ে দীপ আবার সরকারবাড়ির সামনের রাস্তায় যায়। মিঠু দুপুরের পর থেকেই বাগানে অপেক্ষার প্রহর গুনছিল। দূর থেকে দীপকে দেখেই মিঠু ছুটে আসে। দীপ একটু সামনে এগিয়ে যেতেই মিঠু একটি চিরকুট তার হাতে গুঁজে দিয়ে দ্রুত বাড়ির ভেতরে চলে যায়।
বিশু ঘটনাটি দেখে হতবাক হয়ে যায়।
দীপ বলে, ‘দাদা, বাজিতে আমি জিতে গেছি। তুই হেরে গেলি।’
বিশু বলে, ‘ঠিক আছে, তোকে খরচ করতে হবে না।’
দীপ বলে, ‘চল, আজ তোকে খাওয়াব।’
বিশু ও দীপ দোকানে চলে আসে। দীপ তার কাকাতো ভাই বিশুকে মিষ্টি খাইয়ে আপ্যায়ন করে।
সন্ধ্যার পর তারা দুজন বাড়িতে ফিরে যায়।
দীপ একা একা ঘরে বসে মিঠুর কথা ভাবতে থাকে। মিঠুর দেওয়া চিঠিটি বারবার পড়তে থাকে। মিঠু লিখেছে—
‘প্রিয়,
তুমি কেমন আছ? নিশ্চয়ই ভালো আছ। জানি না, এত দিন তুমি কোথায় ছিলে। গতকাল তোমাকে এক পলক দেখেই ভালোবেসে ফেলেছি। সকালে তোমাকে দেখার পর সারা দিন শুধু তোমার কথাই ভেবেছি। তুমি অনেক সুন্দর ও স্মার্ট। বিধাতা তোমাকে আমার মনের রাজা করে পাঠিয়েছেন।
যাক, তোমাকে নিয়ে অনেক উপমা লিখে ফেলেছি। তুমি ভালো থেকো। তোমার কাছ থেকে উত্তরের অপেক্ষায় থাকলাম।
ইতি,
তোমার মিঠু।’
চিঠির শেষে মিঠু লিখেছিল, ‘কাল সকালে উত্তরের অপেক্ষায় থাকলাম।’
দীপ তার কাকাতো ভাই বিশুর সঙ্গে চিঠির বিষয়ে কথা বলে।
দীপের দুদিনের চালচলন দেখে তার মায়ের মনে সন্দেহের দানা বাঁধে। রাতে দীপ মিঠুর জন্য চিঠির উত্তর লিখতে বসে।
রাতা কোনোভাবে কাটিয়ে খুব সকালে দীপ বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
মা পেছন থেকে ডেকে বলেন, ‘দীপ, কোথায় যাচ্ছিস?’
দীপ বলে, ‘মা, রাস্তায় যাচ্ছি।’
মা বলেন, ‘তাড়াতাড়ি চলে আসিস।’
দীপ বলে, ‘ঠিক আছে, মা।’
দীপ মিঠুর সঙ্গে দেখা করতে চলে যায়। সরকারবাড়ির সামনের রাস্তায় গিয়ে দেখে, মিঠু এখনো আসেনি। দীপ রাস্তায় হাঁটাহাঁটি করতে থাকে।
কিছুক্ষণ পর মিঠু বাড়ির ঘাটায় এসে গাছের আড়ালে দাঁড়ায়। দীপের চোখে পড়ে তাকে। মিঠু বাবা-মায়ের চোখ এড়িয়ে বাইরে চলে আসে। দীপ চিঠিটি তার হাতে দেয়। মিঠু বেশ খুশি হয়।
মিঠু বলে, ‘তোমাদের বাড়িতে বিকেলে প্রতিমা তৈরি দেখতে যাব।’
দীপ বলে, ‘ঠিক আছে। আমি বাড়িতেই থাকব।’
এ কথা বলে দীপ বাড়িতে ফিরে আসে।
দুপুরের পর শহর থেকে দীপের দাদা, বৌদি ও দিদি সবাই বাড়িতে আসেন। দীপ ভাবতে থাকে, বিকেলে মিঠু বাড়িতে এলে কীভাবে কথা বলবে। অনেক চিন্তাভাবনা করে। শেষ পর্যন্ত ভাবে, যা হওয়ার হবে।
বিকেল প্রায় সাড়ে চারটা। দীপ তার মায়ের সঙ্গে পূজামণ্ডপে বসে আছে। কারিগর রং ও তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমাকে সাজিয়ে তোলার শেষ কাজটুকু করছেন।
কিছুক্ষণ পর মিঠু তার বড় বোন মৌসুমীকে সঙ্গে নিয়ে দীপদের বাড়িতে আসে। তারা দুজন মণ্ডপে প্রবেশ করে প্রতিমা দেখতে থাকে। বিশু দূর থেকে তাকিয়ে তাকিয়ে হাসে।
দীপকে মায়ের সঙ্গে গল্প করতে দেখে মিঠু এগিয়ে আসে।
মিঠু বলে, ‘পিসিমা, তুমি কবে এলে?’
দীপের মা বলেন, ‘আমি তো বাড়িতেই আছি। আজ কিছুক্ষণ আগে তোর দাদা, বৌদি ও দিদিরা এসেছে।’
মিঠু ও তার বোন গিয়ে কথা বলে।
দীপ মাকে জিজ্ঞাসা করে, ‘মা, ওরা তোমার কী হয়?’
মা বলেন, ‘ওরা দুজন তোর মামাতো বোন হয়।’
মিঠু বলে, ‘পিসিমা, ও কে গো?’
সে দীপের পরিচয় জানতে চায়।
মা বলেন, ‘ও আমার ছোট ছেলে দীপ। শহরে থেকে পড়াশোনা করছে। তাই গ্রামের অনেকেই ওকে চেনে না।’
দীপের পরিচয় জানতে পেরে মিঠু মনে মনে ভাবে, ‘আমি এ কী করলাম! আত্মীয়তার বিষয়টি না জেনেই দীপকে ভালোবেসে ফেলেছি।’
মিঠু একটু আড়ালে ডেকে নিয়ে দীপকে কিছু বলতে চায়।
দীপ বলে, ‘বুঝেছি, তুমি কী বলতে চাইছ। দেখ মিঠু, আমরা যখন একে অপরকে ভালোবেসেছি, তখন কি আত্মীয়তার বিষয়টি জানতাম? তা ছাড়া প্রেম-ভালোবাসা জাতি, ধর্ম, বর্ণ কিংবা আত্মীয়তার সম্পর্ক মানে না।’
মিঠু বলে, ‘দীপ, তুমি আমাকে নিয়ে সুখী হতে পারবে কি না, তা শুধু ভগবানই জানেন।’
দীপ বলে, ‘আচ্ছা, ঠিক আছে। আমাদের এই প্রেম যেন যুগ যুগান্তর টিকে থাকে, সেই প্রার্থনা আমি মা দুর্গার কাছে করি।’
দুদিন পর শুরু হয় দুর্গাপূজা। দীপদের বাড়িতে ধুমধাম করে পূজার আয়োজন করা হয়।
অষ্টমী পূজার সন্ধ্যায় মিঠু সপরিবারে দীপদের বাড়িতে আসে। সবাই পূজার আনন্দে মেতে ওঠে।
রাত তখন প্রায় নয়টা। শুরু হয় আরতি প্রতিযোগিতা। তবে আরতি ছিল দলবদ্ধ। ছেলে-মেয়ে সবাই এতে অংশ নেয়।
মিঠু ও দীপ দূরে দাঁড়িয়ে নৃত্য উপভোগ করছিল। দীপ চোখের ইশারায় মিঠুকে আরতি নৃত্যে অংশ নিতে বলে।
মিঠু বলে, ‘তুমিও এসো।’
দীপ ইশারায় জানায়, ‘আগে তুমি, তারপর আমি।’
আকার-ইঙ্গিতে দুজনেই বলে, ‘চলো, একসঙ্গে নৃত্য করি।’
দীপ বলে, ‘চলো।’
বিষয়টি বিশু বুঝতে পারে। দলবদ্ধ নৃত্য শেষ হতে না হতেই বিশু সাউন্ড সিস্টেমে ঘোষণা দেয়, ‘ঢাকিরা, তোমরা বাজনায় সুন্দর সুর তোলো। দুজনের নৃত্য আমরা উপভোগ করব। তারা হলো দীপ ও মিঠু।’
ঢাকিরা ঢাক, ঢোল ও সানাইয়ে চমৎকার সুর তুলতে থাকে। মিঠু নৃত্য শুরু করে। কিছুক্ষণ পর দীপও নৃত্যে যোগ দেয়। বন্ধুরা দীপকে উৎসাহ দিতে থাকে। তাদের দীর্ঘ সময় ধরে নৃত্য করতে দেখা যায়।
এরই মধ্যে কারও কারও কাছে দীপ ও মিঠুর প্রেমের সম্পর্ক প্রকাশ হয়ে পড়ে। তবু দীপ ও মিঠু বিষয়টি বুঝতে দেয় না।
পূজার যে কদিন উৎসব চলে, সে কদিন দীপ ও মিঠুর প্রেমও জমে ওঠে। এভাবেই চলতে থাকে দুই মানব-মানবীর ভালোবাসা।
এভাবে কেটে যায় মাসের পর মাস, বছরের পর বছর। পূজা শেষে যে যার মতো শহরে ফিরে যায়।
দীপ মিঠুর দেওয়া ঠিকানায় চিঠি পাঠায়। দীপ চিঠিতে লিখেছিল—
‘প্রিয়,
পত্র লেখার শুরুতে তোমাকে জানাই পথের পাশে ফুটে থাকা হাজারো অচেনা ফুলের শুভেচ্ছা। জানি না, তুমি কেমন আছ। নিশ্চয়ই ভালো আছ।
যাক, তোমাকে একটি কথা বলি। মিঠু, চলো আমরা দুজন পালিয়ে গিয়ে সুন্দর একটি সুখের নীড় গড়ে তুলি। তুমি তোমার মতামত জানাবে। উত্তরের অপেক্ষায় থাকলাম।
ইতি,
দীপ।’
কিন্তু মিঠু তেমন কোনো উত্তর দেয় না। দীপও বুঝতে পারে না, মিঠুর কী হয়েছে।
এদিকে দীপের পাঠানো বেশ কয়েকটি চিঠি মিঠুর বাবা-মায়ের হাতে পড়ে যায়। সেখান থেকেই মিঠুর প্রেমের কথা পরিবার জেনে যায়।
মিঠুর মা তাকে বকাঝকা করলে মিঠু বলে, ‘দীপ আমার পিসতুতো ভাই। আমি তাকে ভালোবাসি। আমাদের সম্পর্ক অনেক দিনের।’
অফিস থেকে বাড়িতে ফেরেন মিঠুর বাবা। মেয়ের এমন কথা শুনে তিনি রাগান্বিত হয়ে ওঠেন। মিঠুর ওপর নেমে আসে প্রচণ্ড ঝড়।
মিঠু দিনের পর দিন শত নির্যাতন সহ্য করে যায়। কিন্তু একসময় সে আর ধৈর্য ধরে রাখতে পারে না।
একদিন সকালে মিঠু তার শয়নকক্ষ থেকে ঘুম থেকে উঠছিল না। পরিবারের লোকজন কোনো সাড়াশব্দ পাচ্ছিল না। মিঠুর বাবা-মা অনেক ডাকাডাকি করেন। কিন্তু মিঠুর আর ঘুম ভাঙেনি।
আগের রাতেও তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল। তাই মিঠু নিজের শয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। রাতের কোনো একসময় সে দীপের উদ্দেশে একটি চিঠি লেখে।
চিঠিতে মিঠু লিখেছিল—
‘প্রিয় দীপ,
আজ তোমাকে বেশি কিছু লিখব না। শুধু বলে যাই, ভগবান হয়তো তোমার সঙ্গে আমার মিলন লিখে যাননি। আমি রাতের কোনো একসময় অনেক দূরে চলে যাব। তুমি আমাকে ক্ষমা করে দিও। অন্য কাউকে নিয়ে তুমি তোমার বাকি দিনগুলো সুন্দরভাবে কাটাবে।
ইতি,
তোমার প্রিয়া।’
পরে দরজা ভেঙে বাবা-মা মিঠুর কক্ষে প্রবেশ করেন। তারা দেখতে পান, মিঠু সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, ‘মা-বাবা, আমি দূরে বহুদূরে চলে গেলাম। দীপকে নিয়েই তো তোমাদের এত নির্যাতন সহ্য করেছি। পরপারে যেন দীপের সঙ্গে আমার মিলন হয়।’
আইনি জটিলতা শেষে মিঠুর দাহ করা হয়।
কিন্তু দীপ তখনো কিছুই জানে না।
অনেক দিন ধরে মিঠুর সঙ্গে দীপের কোনো যোগাযোগ নেই। সে মিঠুর কোনো খবরও পায় না। এভাবেই কেটে যায় একটি বছর।
দীপ পৌষসংক্রান্তিতে গ্রামের বাড়িতে আসে। এদিন দীপের বাবার মৃত্যুবার্ষিকী।
বাড়িতে আসতেই বিশু বলে, ‘কিরে দীপ, কী খবর তোর?’
দীপ বলে, ‘এই তো, বেশ আছি।’
বিশু জানতে চায়, ‘তোর প্রেমের কী খবর?’
দীপ বলে, ‘না, কোনো খবর নেই।’
বিশু বলে, ‘প্রেমের সমাধি রচনা করবি না? একজন করেছে, আর তুই করবি না?’
দীপ অবাক হয়ে জানতে চায়, ‘কী হয়েছে, বিশুদা?’
বিশু বলে, ‘কেন, তুই কিছুই জানিস না? মিঠুর কথা?’
দীপ বলে, ‘না, কী হয়েছে?’
বিশু বলে, ‘পুরো গ্রাম জানে, মিঠু শহরে থাকা এ গ্রামের এক ছেলের সঙ্গে প্রেম করত। আর প্রেমিকের জন্যই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
বিশু আরও জানায়, মিঠু প্রেমের কারণে বাবা-মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে এক বছর আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ কথা শোনামাত্রই দীপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
কয়েক ঘণ্টা পর দীপের জ্ঞান ফিরে আসে। কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে। একা একা কী যেন আবোলতাবোল কথা বলতে থাকে। ধীরে ধীরে তার মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়।
দীপ আজও মিঠুর ভালোবাসায় বদ্ধপাগল। কোথায় তার ঘর, কোথায় তার রাজপথ, রাত কোথায় কাটে—কিছুই সে বলতে পারে না।
বিরহের যন্ত্রণা বুকে নিয়ে আজও দীপ পথে পথে ঘুরে বেড়ায়। হয়তো মিঠুকেই খুঁজে ফিরে।
কিন্তু মিঠু তো আর ফিরবে না!
দীপ আজ বদ্ধপাগল।
প্রিয়া মরে, প্রেম মরে না।








