প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:৪১
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬
ফাইনালে আজ মুখোমুখি ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৮ নভেম্বর ২০২৬) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ দুপুর আড়াইটায় ফাইনালে লড়বে ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। এর আগেও উভয় দল একাধিকবার জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে খেলেছে। সেমিফাইনালে ফরিদগঞ্জের পুষ্প এবং চাঁদপুর সদরের শাওনের জোড়া গোলের নৈপুণ্যে ফাইনালে ওঠে দল দুটি।
জমজমাট এই ফাইনাল ম্যাচ উপলক্ষে দু দলই স্থানীয় খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবে বলে শুক্রবার সন্ধ্যায় দু দলের কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে আলাপকালে জানা গেছে।
ফাইনাল ম্যাচ সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠের প্রস্তুতির খোঁজখবর নিতে দেখা গেছে।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু বলেন, "ফাইনাল খেলার জন্য মাঠ সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। আশা করি, ক্রীড়ামোদী দর্শকরা ফাইনাল খেলাটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থাকবেন।"








