প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯
উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চাঁদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর প্রেস ক্লাব সংলগ্ন মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন।
|আরো খবর
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুনীর চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, ক্রীড়া এবং সংস্কৃতি চর্চার সুযোগ দিতে হবে। তাদেরকে সুশিক্ষায় এবং নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে। যাতে করে তারা বড়ো হয়ে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠে। বড়োদের সম্মান এবং শ্রদ্ধা করতে শেখাতে হবে। অন্যকে সম্মান না দিলে নিজেকে কেউ সম্মান করবে না, এটা তাদের মাথায় রাখতে হবে। আমাদের সম্মানিত শিক্ষকরা এ বিষয়গুলো নজর দেবেন। তাহলে অবশ্যই বিদ্যালয়ের সম্মান এবং সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে।
তিনি আরো বলেন, আমি এ বিদ্যালয়টির পাঠদান এবং অন্যান্য সহশিক্ষা সম্পর্কে অবগত রয়েছি। বিদ্যালয়টি চাঁদপুর শহরের মধ্যে একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। চাঁদপুর প্রেসক্লাব এ বিদ্যালয়টি পরিচালনা করছে। চেম্বার অফ কমার্স সার্বিকভাবে সহযোগিতা করছে। প্রেসক্লাব হলো ন্যায়, নীতি এবং সত্যের প্রতীক। এই বিদ্যালয়ের কোমলমতি শিশুরাও একসময় বড়ো হয়ে সত্য ও সুন্দরের প্রতীক হয়ে উঠবে সেই প্রত্যাশা রাখছি।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী তাঁর বক্তব্য বলেন, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বর্তমান শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের পাঠদান করছেন। কোনো শিক্ষার্থীর যদি টাকার জন্যে লেখাপড়া ব্যাহত হয়, তবে চাঁদপুর প্রেসক্লাব তাদের পাশে দাঁড়ায়। আমরা চাই কোনো শিক্ষার্থীর যেন টাকার অভাবে লেখাপড়া বন্ধ না হয়। এটি আগামীতেও অব্যাহত থাকবে। শিক্ষকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কোমলমতি শিশুদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নীতি ও নৈতিকতার শিক্ষা দেবেন। তাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবেন।
তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ করবো, আপনারা ঐদিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কারণ ভোট আমাদের নাগরিক অধিকার। ভোটের মাধ্যমে আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা নির্দ্বিধায়, নির্ভয়ে যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতীয়, ক্রীড়া এবং স্কুল পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অন্য অতিথিবৃন্দ দাঁড়িয়ে সমবেত স্বরে জাতীয় সংগীত পাঠ করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে এবং নিত্য পরিবেশন করে। সবশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।







