প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৪
চাঁদপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহার এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকলের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। তিনি তাঁর বক্তব্যে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠা ও পরমতসহিষ্ণু জাতি গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান ও পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার ও তাদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সনদ বিতরণ করেন। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, বিএনসিসি, গার্ল ইন রোভার, রেডক্রিসেন্ট ইউনিটসহ সকলে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।








