প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৭:১৭
ফরিদগঞ্জে দু প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ফরিদগঞ্জে আবারো আত্মহত্যার ঘটনা ঘটেছে। এবার পারিবারিক কলহের জের ধরে ফারজানা আক্তার (২২) ও আকলিমা আক্তার(১৮) নামে দু প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর ও রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রাম থেকে সোমবার (২৫ মে ২০২৬) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দু গৃহবধূর স্বামীই প্রবাসে থাকেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ উভয় স্থান থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করেছে।
জানা গেছে, চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আরিফুল ইসলাম প্রবাসে থাকেন। তার স্ত্রী ফারজানা আক্তারকে সোমবার (২৫ মে ২০২৬) সকালে স্বামীর বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বলে পরিবারের লোকজন জানায়। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সে গলায় ফাঁস দিয়েছে। ফরিদগঞ্জ থানার এসআই মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
অপরদিকে, রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের কফিল উদ্দিন বেপারী বাড়ির মেহেরাজ হোসেন (সৌদি প্রবাসী)-এর স্ত্রী আকলিমা আক্তারকে সোমবার (২৫ মে ২০২৬) সকালে তার পিতার বসত বাড়ির রান্না ঘরে ঝুলছে বলে দেখতে পায় পরিবারের সদস্যরা। বিগত ১৫ মাস পূর্বে তাদের বিয়ে হয়েছিলো। সেও পারিবারিক বিরোধের জের ধরে আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্র জানিয়েছে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ নুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








