প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২৩:০০
কচুয়ায় হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কচুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।
|আরো খবর
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নোয়াগাঁও গ্রামের মহিন উদ্দিন লিটন ও তার স্ত্রী নাসরিনের সঙ্গে জমি বিক্রি নিয়ে একই গ্রামের মানিক হোসেনের বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে মানিক হোসেনসহ এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করার উদ্দেশ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে বলে তাঁদের দাবি।
বক্তারা জানান, ২০২৩ সালের ২৫ মে নোয়াগাঁও মৌজার সাবেক ১০৭, হাল ১১৭ নম্বর মৌজার বিএস ২৮৭ দাগে ৮ দশমিক ৫০ শতাংশ এবং বিএস ২৮৮ দাগে ১৪ শতাংশসহ মোট ২২ দশমিক ৫০ শতাংশ জমি কেনার জন্য মানিক হোসেনের সঙ্গে বায়না দলিল সম্পাদিত হয়। পরবর্তীতে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
মানিক হোসেন ও এলাকাবাসী জানান, জমির মূল্য পরিশোধ এবং স্থানীয় সালিশ ও বায়না দলিলের সাক্ষীদের উপস্থিতিতে জমির দখল বুঝে পাওয়ার পরও জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। বরং এ নিয়ে বিরোধের একপর্যায়ে মানিক হোসেন ও এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি সম্পন্ন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী মানিক হোসেন, সমাজসেবক আব্দুল বারেক, শাহজালাল, মজিবুর রহমান প্রধান ও কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানিক হোসেন অভিযোগ করেন, জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বারবার তাগাদা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়ের করে তাকে ও এলাকার লোকজনকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমি আমার কেনা জমির বৈধ রেজিস্ট্রি চাই। পাশাপাশি হয়রানিমূলক মামলা থেকে মুক্তি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।” মানববন্ধন থেকে বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।






