প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২২:২২
কল্যাণপুরের বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মিলিটারি আর নেই

চাঁদপুর সদর উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়নের কৃতী সন্তান, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ মো. মোখলেছুর রহমান মিলিটারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জীবদ্দশায় তিনি একজন সমাজসেবক, ধর্মপ্রাণ ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর নামানুসারে এলাকায় ‘মিলিটারির দোকান’ পরিচিতি লাভ করে। এ ছাড়া মরহুম মোখলেছুর রহমান মিলিটারি কল্যাণদী হুজুরের বাড়ির মাদ্রাসা ও এতিমখানার সেবক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।








