প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:৪৪
জাহাঙ্গীর আখন্দ সেলিমের জানাজা ও দাফন

দীর্ঘ বর্ণাঢ্য জীবনের ইতি টেনে চিরনিদ্রায় শায়িত হয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিদ্যোৎসাহী, ধর্মানুরাগী এবং বহু প্রতিষ্ঠান গড়ার কারিগর আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বাদ জোহর চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ চৌধুরী ঘাট সংলগ্ন চাঁদপুর পৌর ঈদগাহে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পুরানবাজার জাফরাবাদ হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি এই মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।
পৌর ঈদগাহে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাও. মাহবুবুর রহমান। জানাজায় শত শত মানুষ অংশ নেন।
জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় ব্যবসায়ীদের নেতৃত্বে ও সমাজ বিনির্মাণে মরহুমের অবদান স্মরণ করে স্মৃতিচারণ এবং দোয়া কামনা করে বক্তব্য রাখেন জাফরাবাদ হাফিজিয়া মাদরাসার (জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ) মুহতামিম হযরত মাওলানা খাজা আহমাদুল্লাহ, চাঁদপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতাল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. শায়ের গফুর, পুরানবাজার বড় মসজিদের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও মরহুমের ভায়রা ভাই বিশিষ্ট ব্যবসায়ী এমএন খান মুরাদ ।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের পক্ষে শুক্কুর মস্তান, চাঁদপুর চেম্বারের সাবেক পরিচালক মমতাজ উদ্দিন মন্টু গাজী, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ বেপারী ও মরহুমের ভাতিজা বদরুল আখন্দ।
বক্তারা বলেন, একজন সমাজসেবকের যেসব গুণ থাকা উচিত, তার সবই সেলিম আখন্দের মধ্যে ছিলো। তিনি ছিলেন আপাদমস্তক একজন ব্যবসায়ী, শিক্ষা ও ধর্মানুরাগী এবং দেশপ্রেমিক। সুন্দর চাঁদপুর গড়ার পথে তিনি ছিলেন মাঠের একজন দক্ষ কর্মী।
জানাজায় চাঁদপুর প্রেস ক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার, লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব তাফাজ্জল হোসেন চুন্নু মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন, বিএনপি নেতা আলহাজ্ব মো. আজহার উদ্দিন মিয়া, মরহুমের চাচাতো ভাই আবুল কাশেম আখন্দ ও চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
জানাজার পার্শ্ববর্তী স্থানে অবস্থান নিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ ও পরিচালক গোপাল সাহাসহ আরো অনেকে।







