প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২১:২৩
কল্যাণপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাল গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান মাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) তাঁকে চাঁদপুর ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতা ও স্মৃতিভ্রমজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি শয্যাশায়ী অবস্থায় রয়েছেন।
|আরো খবর
শুক্রবার হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে দেখা যায়, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। স্বাভাবিকভাবে নড়াচড়া করার সক্ষমতাও হারিয়েছেন। এ সময় তাঁর শরীরে জ্বর ছিল এবং তিনি কেবল শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন। তাঁর এমন শারীরিক অবস্থায় পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।
সাবেক এই জনপ্রতিনিধির গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। অনেকেই হাসপাতালে এসে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এদিকে আলহাজ্ব আব্দুল মান্নান মালের আশু সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদেও তাঁর সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।
পরিবারের প্রত্যাশা, মহান আল্লাহ যেনো তাঁর প্রতি রহমত বর্ষণ করেন, তাঁকে অসুস্থতার কষ্ট সহ্য করার শক্তি দান করেন এবং সবার দোয়ায় সুস্থতা ও কল্যাণ নসিব করেন।








