প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৩১
ইসকনের অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা পরিদর্শনে এমপি মানিক

সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে শ্রী শ্রী অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের মুন্সেফপাড়াস্থ শ্রী শ্রী মহাপ্রভু নীলাচল মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ মহোৎসবের আয়োজন করা হয়।
ইসকন চাঁদপুর জেলার সভাপতি জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠান পরিদর্শনকালে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, "আমি এবং আমার সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে। অতীতেও আপনাদের মন্দিরের উন্নয়নে অনুদান দিয়েছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আপনারা সবাই আমাদের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করবেন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। এছাড়াও স্থানীয় সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিলো সুমধুর ভজন কীর্তন, কীর্তন মেলা, পদাবলী কীর্তন, ভোগ আরতি এবং ভগবতীয় আলোচনা। আলোচনা সভায় বক্তারা গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। দিনব্যাপী এ আয়োজনে প্রায় আড়াই হাজার ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানশেষে উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।








