প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২১:১৮
ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইমাম হোসেন পাটওয়ারী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম কবির, ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রেজউল করিম মাসুদ ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী এবং উত্তর চরবড়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসীনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ইমাম হোসেন পাটওয়ারী বলেন, “ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এর সুনাম অক্ষুণ্ণ রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। আমি চাই শিক্ষার মানের দিক থেকে এই স্কুলটি পুরো উপজেলার একটি ‘মডেল’ বা আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হোক।”
তিনি আরও ঘোষণা দেন, দরিদ্র, অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়া সচল রাখতে তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করবেন, যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে। এছাড়া শিক্ষার্থীদের মেধা যাচাই ও পড়াশোনার মানোন্নয়নে নিয়মিত ক্লাস পরীক্ষার ব্যবস্থা করার ঘোষণা দিয়ে তিনি বলেন, এর জন্য শিক্ষার্থী বা বিদ্যালয় কর্তৃপক্ষকে কোনো খরচ বহন করতে হবে না; প্রশ্নপত্র তৈরি ও খাতা ক্রয়ের সম্পূর্ণ খরচ তিনি নিজে বহন করবেন।
আলোচনা সভাশেষে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
---








