প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৬:৩৭
সনাক, চাঁদপুর-এর নেতৃত্ব পুনর্নির্বাচিত
সভাপতি আলমগীর পাটওয়ারী, সহ-সভাপতি জেসমিন ও পলাশ

সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের দুর্নীতিবিরোধী কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) সনাকের মাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মো. আলমগীর পাটওয়ারী এবং সহ-সভাপতি হিসেবে জেসমিন আক্তার (জেসী) ও অ্যাড. পলাশ মজুমদার পুনর্নির্বাচিত হন। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছর অর্থাৎ ২০২৭ সালের ২৮ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।
|আরো খবর
উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সনাক বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে সারা দেশে সচেতন নাগরিকদের নিয়ে টিআইবি এই নেটওয়ার্ক তৈরি করেছে। ২০০৫ সালের ২৫ ডিসেম্বর চাঁদপুরে সনাক গঠিত হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সনাক-চাঁদপুর নিজস্ব কর্মকৌশলের আলোকে স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে কাজ করছে এবং ‘ওয়াচডগ’ হিসেবে সমাজের ইতিবাচক পরিবর্তনে অনুঘটকের ভূমিকা পালন করছে। জনগণের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধের চাহিদা সৃষ্টির মাধ্যমে সামাজিক আন্দোলনকে বেগবান করতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিভিন্ন সেবামূলক খাত—যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি প্রশাসন, পরিবেশ ও নির্মাণ খাতের সেবার মান যাচাই, অব্যবস্থাপনা ও দুর্নীতির স্বরূপ উদঘাটন এবং সমস্যা সমাধানে সুপারিশ প্রণয়নে কাজ করছে সনাক-চাঁদপুর। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণে টেকসই উন্নয়ন নিশ্চিতেও সনাক বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।







