প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১০
বিলম্বিত হলেও এ উদ্যোগটি সর্বাত্মক সফল হোক

চঁাদপুরের আর্থসামাজিক ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে প্রায় চার দশক আগে যে চঁাদপুর ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘদিনেও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। কুমিল্লা ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তহবিল এবং চঁাদপুর শহরের জোড় পুকুর পাড়ে মূল্যবান জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন নানা রকম দীর্ঘসূত্রিতা, কথিত জটিলতা এবং দায়িত্বশীলদের নিষ্ক্রিয়তার কারণে যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিলো, সেভাবে এগোতে পারেনি। আশির দশকের শেষ দিকে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনসহ দেশখ্যাত কয়েকজন গুণীজনকে সংবর্ধনা প্রদান ছাড়া স্মরণকালে চঁাদপুর ফাউন্ডেশনের আর কোনো উল্লেখযোগ্য কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে আমাদের মনে পড়ে না। এতো সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের এই স্থবিরতা নিঃসন্দেহে হতাশাজনক।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে চঁাদপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ মোহসীন উদ্দিন চঁাদপুর ফাউন্ডেশনের কমিটি পুনর্গঠন ও কার্যক্রমে গতি সঞ্চারের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তী জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার সংসদ নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় ফাউন্ডেশন নিয়ে প্রত্যাশিত মাত্রায় কাজ করার সুযোগ পাননি। তবে বর্তমান জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটিকে কার্যকর ও গতিশীল করার বিষয়ে ইতিবাচকভাবে সক্রিয় হয়েছেন। নিয়মিত পরিচালনা কমিটির সভা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন শিক্ষাবৃত্তি চালু এবং ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় ছয়তলাবিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ তারই প্রতিফলন।
গত ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) অনুষ্ঠিত পরিচালনা কমিটির সভায় এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের খবরটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। বিশেষ করে শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগটি সময়োপযোগী। তবে আমরা মনে করি, এই বৃত্তি যেন গতানুগতিক কোনো কর্মসূচিতে পরিণত না হয় কিংবা ‘তেলে মাথায় তেল দেওয়ার’ মতো অবস্থার সৃষ্টি না করে। প্রকৃত দরিদ্র, মেধাবী ও উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরাই যেন এর প্রকৃত সুবিধাভোগী হয়। বৃত্তির নীতিমালায় পারিবারিক আর্থিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, মেধা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো যথাযথ গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পাশাপাশি আবেদন যাচাই ও বৃত্তি প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং নিয়মিত মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় ছয়তলাবিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্তটিও গুরুত্বপূর্ণ। এই সম্পদ যথাযথভাবে কাজে লাগানো গেলে ফাউন্ডেশনের জন্য স্থায়ী আয়ের একটি উৎস তৈরি হবে। তবে নির্মাণকাজ, অর্থ ব্যয়, দোকান বরাদ্দ এবং ভবিষ্যৎ আয়-ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ভবনটি যেন কেবল স্থাপনা নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ না থাকে; বরং এর আয় দিয়ে ফাউন্ডেশনের শিক্ষা, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়ার পরিকল্পনা থাকতে হবে। ফাউন্ডেশনের জমি ও অন্যান্য সম্পদের সুরক্ষাও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
আমাদের আরও একটি প্রত্যাশা রয়েছে। অতীতে চঁাদপুর ফাউন্ডেশন চঁাদপুরের কৃতী সন্তানদের মধ্যে দেশখ্যাত গুণীজনদের সংবর্ধনা প্রদানের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলো, সেই ধারাটি পুনরুজ্জীবিত করা হোক। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, বিজ্ঞান, চিকিৎসা, শিল্প-সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা চঁাদপুরের কৃতী সন্তানদের যথাযথ সম্মাননা প্রদানের বিষয়টি ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এতে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে, একই সঙ্গে চঁাদপুরের গৌরবময় পরিচিতিও আরও সমৃদ্ধ হবে।
আমরা মনে করি, চঁাদপুর ফাউন্ডেশন কোনো ব্যক্তি বা প্রশাসনের সাময়িক উদ্যোগনির্ভর প্রতিষ্ঠান হয়ে থাকা উচিত নয়। এর কার্যক্রম পরিচালনার জন্য সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা, কার্যকর পরিচালনা কাঠামো এবং ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসক পরিবর্তিত হলেও যেন ফাউন্ডেশনের উন্নয়ন কার্যক্রম থেমে না যায়, সে জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জবাবদিহির ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
চার দশক আগে যে স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে চঁাদপুর ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ অপেক্ষার পর হলেও সেই স্বপ্ন বাস্তবায়নের কিছু উদ্যোগ দৃশ্যমান হচ্ছে। বর্তমান জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেওয়া উদ্যোগগুলো যেন সভার সিদ্ধান্ত ও কাগজপত্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের মুখ দেখে, সেটিই আমাদের প্রত্যাশা। অতীতের স্থবিরতা কাটিয়ে চঁাদপুর ফাউন্ডেশন শিক্ষা, মানবকল্যাণ ও চঁাদপুরের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হোক।
বিলম্ব অনেক হয়েছে, এবার প্রয়োজন দৃশ্যমান অগ্রগতি। সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় চঁাদপুর ফাউন্ডেশনের নতুন এই যাত্রা সর্বাত্মক সফল হোকÑএটাই আমাদের প্রত্যাশা।







