বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৩:৪৪

মিশরের কারাগারে আটক ৬৫ বাংলাদেশির পরিচয় মিললো, দেশে ফেরার আকুতি

আফছার হোসাইন, মিশর থেকে
মিশরের কারাগারে আটক ৬৫ বাংলাদেশির পরিচয় মিললো, দেশে ফেরার আকুতি

ভূমধ্যসাগরের উত্তাল জলে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্তা কারাগারে আটক ৬৫ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। মিশরে ‘প্রবাহ বাংলা’র প্রতিনিধি জানান, দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর সম্প্রতি তাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং। গত ৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) দূতাবাসের শ্রম উইংয়ের এক কর্মকর্তা কারাগার পরিদর্শনে গিয়ে আটক বাংলাদেশিদের খোঁজখবর নেন এবং তাদের প্রত্যেককে পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ করে দেন।

দীর্ঘদিন পর স্বজনদের কণ্ঠ শুনতে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কারাগার থেকে ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় কারও চোখে ছিল আনন্দাশ্রু, আবার কারও কণ্ঠে ছিল স্বজনদের কাছে দ্রুত ফিরে যাওয়ার আকুতি।

উদ্ধার হওয়া বাংলাদেশিদের আঞ্চলিক বিবরণ

উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে নরসিংদী জেলার ১৫ জন, কিশোরগঞ্জ জেলার ১২ জন, শরীয়তপুর জেলার ১১ জন, সুনামগঞ্জ জেলার ৮ জন, হবিগঞ্জ জেলার ৪ জন, মাদারীপুর জেলার ৪ জন এবং নাটোর ও পাবনা জেলার ১ জন করে রয়েছেন।

উদ্ধারকৃতদের নাম ও জেলার তালিকা :

* নরসিংদী জেলা (১৫ জন) : ১. রাজান মিয়া, ২. আনোয়ার হোসেন, ৩. ইমরান মিয়া, ৪. জোনায়েদ আহম্মেদ, ৫. মেহেদী হাসান, ৬. রিফাত আহাম্মদ রনি, ৭. সিয়াম মিয়া, ৮. মামুন মিয়া, ৯. সুটন মিয়া, ১০. জাকারিয়া আহাম্মেদ হামিম, ১১. নাফিজ হোসাইন, ১২. ইউনুস মিয়া, ১৩. আরাফাত মিয়া, ১৪. হৃদয় ইসলাম, ১৫. রিফাত মিয়া।

* কিশোরগঞ্জ জেলা (১২ জন) : ১. রশায়েদ মিয়া, ২. আব্দুর রাজ্জাক মিয়া, ৩. সজন মিয়া, ৪. খহিনুর ইসলাম সুমন, ৫. মোসাহেদ, ৬. মাশরাফি, ৭. ওনিম মিয়া, ৮. বিজয় মিয়া, ৯. রিয়াদ মিয়া, ১০. রাকিব মিয়া, ১১. শুভ আহমেদ, ১২. আল আমিন।

* শরীয়তপুর জেলা (১১ জন) : ১. ইব্রাজুল ইসলাম, ২. রিদয় মিয়া, ৩. নাসির উদ্দিন সর্দার, ৪. বিপ্লব মাদবর, ৫. সেলিম মাদবর, ৬. রুবেল তালুকদার, ৭. সাইফুল ইসলাম, ৮. পারভেজ চৌকিদার, ৯. উজ্জ্বল খান, ১০. আব্দুল্লাহ আল মাহিম, ১১. আব্দুর রহিম।

* সুনামগঞ্জ জেলা (৮ জন) : ১. মাসুম রশিদ, ২. এমডি আলী আহমেদ, ৩. দেলোয়ার হোসেন, ৪. সায়েম আহমেদ, ৫. শাহ আলম, ৬. মাজহারুল ইসলাম রায়হান, ৭. হোসেন আহমেদ, ৮. ফজল মিয়া।

* হবিগঞ্জ জেলা (৪ জন) : ১. রিজন তালুকদার, ২. রিপনুল হক, ৩. রাতুল, ৪. ফরহাদ মিয়া।

* মাদারীপুর জেলা (৪ জন) : ১. সাগর খান, ২. নূর হোসেন হাওলাদার, ৩. নায়েম মিয়া, ৪. শহিদুল ইসলাম।

* অন্যান্য : নাটোর জেলার মিরাজ আলী এবং পাবনা জেলার নীরব হাসান শিমুল।

যেভাবে ঘটেছিল সমুদ্রে বিভীষিকা

উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, গত ১০ অক্টোবর ২০২৬ দিবাগত রাত তিনটার দিকে লিবিয়ার তুব্রুকের শূন্য পয়েন্ট থেকে একটি রাবারের নৌকায় ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেন ৬৯ জন অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি এবং চারজন দক্ষিণ সুদানের নাগরিক। দক্ষিণ সুদানের যাত্রীদের মধ্যে একজন নারীও ছিলেন।

যাত্রার পরদিন ১১ অক্টোবর রাত নয়টার দিকে নৌকার জ্বালানি ফুরিয়ে যায়। এ সময় দালালদের দেওয়া ওয়াকিটকির মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন যাত্রীরা। যোগাযোগ সম্ভব হলে দালালরা আশ্বাস দিয়ে বলে, “তোমরা সেখানে অবস্থান করো, আমরা তোমাদের উদ্ধার করতে আসব।” কিন্তু সেই আশ্বাস আর বাস্তবে রূপ নেয়নি। দালালদের অপেক্ষায় সাগরের বুকে আরও প্রায় ২৪ ঘণ্টা কাটিয়ে দেন তারা। এরই মধ্যে নৌকার তলদেশে একটি ছোট ছিদ্র দেখা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে সেটি বড় হতে থাকলে নৌকার ভেতরে পানি উঠতে শুরু করে। প্রাণ বাঁচাতে যাত্রীরা নিজেদের জামাকাপড় দিয়ে সেই পানি সেচে ফেলার চেষ্টা করেন। একদিকে জ্বালানি শূন্যতা, অন্যদিকে ফুটো নৌকায় পানি প্রবেশ—সব মিলিয়ে তারা চরম মৃত্যুর মুখোমুখি পড়েন।

বাণিজ্যিক জাহাজের তৎপরতায় রক্ষা

দালালদের কাছ থেকে কোনো সহায়তা না পেয়ে শেষ পর্যন্ত আশপাশে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছে বিপদ সংকেত পাঠাতে শুরু করেন যাত্রীরা। উদ্ধারের আকুতি জানাতে থাকেন তারা।

এক পর্যায়ে কাছাকাছি একটি জাহাজ দেখতে পেয়ে সবাই চিৎকার ও কান্নাকাটি করে সাহায্য চান। এ সময় ‘ইয়ং মং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে। এরপর জাহাজটি তাদের নিয়ে প্রায় এক দিন চলার পর গত ১৪ অক্টোবর মিশরের দামিয়েত্তা বন্দরে পৌঁছায়। পরে স্থানীয় কর্তৃপক্ষ তাদের দামিয়েত্তা কারাগারে পাঠায়।

৩০ জনের নৌকায় তুলে দেওয়া হয় ৬৯ জনকে

উদ্ধার হওয়া বাংলাদেশিদের ভাষ্য অনুযায়ী, যে রাবারের নৌকায় তাদের সাগরে পাঠানো হয়েছিল, সেটি মূলত সর্বোচ্চ ৩০ জন যাত্রীর উপযোগী ছিল। কিন্তু সেই ছোট নৌকাটিতেই জোরপূর্বক ৬৯ জনকে তুলে দেওয়া হয়।

এর আগে, ইউরোপে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের লিবিয়ার বিভিন্ন স্থানে আটকে রাখা হয়। যেসব স্থানে তাদের রাখা হয়েছিল, সেগুলোকে তারা ‘গেমঘর’ হিসেবে উল্লেখ করেছেন। সেখানে ছিল না জীবনযাপনের ন্যূনতম সুযোগ-সুবিধা। বিদ্যুৎ, শৌচাগার, পর্যাপ্ত খাবার কিংবা ঘুমানোর মতো জায়গাও ছিল না। অমানবিক পরিবেশে দিনের পর দিন আটকে রেখে তাদের সমুদ্রপথে ইউরোপে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, ইউরোপে যাওয়ার আশায় তাদের কেউ জমি বিক্রি করেছেন, কেউ সহায়-সম্পত্তি বা ফলের বাগান বিক্রি করেছেন। আবার কেউ আত্মীয়স্বজনের কাছ থেকে চড়া সুদে ঋণ ও ধারদেনা করে দালালদের হাতে বিপুল পরিমাণ অর্থ তুলে দিয়েছেন। তবে সব হারিয়ে মৃত্যুর মুখ থেকে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফেরায় তারা সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দ্রুত দেশে ফেরার আকুতি

বর্তমানে দামিয়েত্তা কারাগারে আটক এসব বাংলাদেশির একটাই চাওয়া—দ্রুত কারামুক্ত হয়ে দেশে ফিরে যাওয়া। জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি জমানোর সেই স্বপ্ন এখন তাদের কাছে দুঃস্বপ্নের মতো। পরিবারের কাছে ফিরে নতুন করে জীবন শুরু করতে চান তারা। এ জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন তারা। জানা গেছে, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বিশেষজ্ঞদের মতে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্নে প্রতি বছর অসংখ্য বাংলাদেশি এভাবে দালালচক্রের খপ্পরে পড়ছেন। কেউ প্রাণ হারাচ্ছেন, কেউ নিখোঁজ হচ্ছেন, আবার অনেকে বেঁচে ফিরলেও হারাচ্ছেন জীবনের শেষ সম্বলটুকু। সচেতনতার অভাবে এই মরণঘাতী পথ পাড়ি দেওয়ার প্রবণতা রোধে কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়