প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৬:২৯
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ১৩ লাখ টাকায় গোকর্ণ রোড সিসি ঢালাই, দুর্ভোগ লাঘবের আশায় এলাকাবাসী
কালীবাড়ি মোড় থেকে এক কিলোমিটার সড়কের কাজ শেষ পর্যায়ে, মান নিশ্চিতে জেলা পরিষদ প্রশাসকের নিয়মিত তদারকি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের যন্ত্রণার অপর নাম ‘গোকর্ণ রোড’। খানাখন্দ ও জলাবদ্ধতায় দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল সড়কটি। অবশেষে জেলা পরিষদের উদ্যোগে চলতি অর্থবছরে ৩ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে শুরু হয়েছে সড়কটির উন্নয়ন কাজ। নির্মাণ শেষ হলে স্বস্তি ফিরবে স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীদের জীবনে।
শহরের কালীবাড়ি মোড় থেকে গোকর্ণ রোড ধরে প্রায় এক কিলোমিটার অংশজুড়ে এ কাজ বাস্তবায়িত হচ্ছে। এতদিন সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়তেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীরা। বিশেষ করে বর্ষায় হাঁটুপানি ও কাদার সৃষ্টি হয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হতো।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে এ সড়কের কাজ শুরু হয়, যা এখন শেষ পর্যায়ে। ১০ ইঞ্চি পুরুত্ব বজায় রেখে রেডি মিক্সের মাধ্যমে উন্নত মানের সিসি ঢালাই দেওয়া হচ্ছে। কাজের গুণগত মানে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর জনকল্যাণে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি কাজেই মান নিশ্চিত করে সরাসরি জনগণকে সুফল দেওয়াই প্রধান লক্ষ্য।
সড়কের কাজের অগ্রগতি নিয়ে সাবেক কাউন্সিলর শাহ মো. শরীফ ভান্ডারী বলেন, "এলাকাবাসী বর্ষায় হাঁটুকাদা পেরিয়ে চলাচল করেছেন। বর্তমানে জেলা পরিষদের উদ্যোগে মানসম্মত কাজ হচ্ছে। প্রশাসক নিজে একাধিকবার তদারকি করেছেন, যা প্রশংসনীয়।"
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন এবার দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পাবে। দ্রুত সড়কটি আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান তাঁরা।
সচেতন মহলের মতে, গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজ শেষ হলে শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়নই হবে না, বরং এলাকার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।








