মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২২:০০

হাজীগঞ্জে ইউএনওসহ সাড়ে ৭শ জন অংশ নেবেন ৬ কিলোমিটারের ম্যারাথনে

হাজীগঞ্জ প্রতিনিধি।।
হাজীগঞ্জে ইউএনওসহ সাড়ে ৭শ জন অংশ নেবেন ৬ কিলোমিটারের ম্যারাথনে
ছবি ক্যাপশন: আগামী শনিবার (১৪ নভেম্বর ২০২৬) হাজীগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যারাথনের ব্যানার (ইনসেটে ইউএনও ইবনে আল জায়েদ হোসেন)। ছবি : সংগৃহীত।

‘সুস্বাস্থ্যের জন্য দৌড়’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা। আগামী শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া এই আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেনসহ মোট ৭৫৬ জন দৌড়বিদ অংশ নেবেন। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উপজেলা চত্বর থেকে শুরু হয়ে এই ম্যারাথন দৌড় হাজীগঞ্জ বাজার বিশ্বরোড চৌরাস্তা, কাজিরগাঁও, বদরপুর ও টোরাগড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হবে। উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, শুরুতে ছোট পরিসরে এই আয়োজনের পরিকল্পনা করা হলেও পরবর্তীতে সাড়া পড়ে যাওয়ায় ৯ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে ৭৫৬ জন প্রতিযোগী নাম নিবন্ধন করেন। শেষ সময়ে আরও অনেকে আগ্রহ প্রকাশ করলেও ব্যবস্থাপনার কথা চিন্তা করে আর সংখ্যা বাড়ানো হয়নি। প্রতিযোগীদের মধ্যে পেশাদার অ্যাথলেটরাও অংশ নিচ্ছেন।

অংশগ্রহণকারীদের সুবিধা ও সুশৃঙ্খল পরিচালনার জন্য বয়সের ভিত্তিতে প্রতিযোগিতাটি চারটি ক্যাটাগরিতে (২০+, ৩০+, ৪০+ ও ৫০+) ভাগ করা হয়েছে। সরাসরি নিবন্ধনের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও রেজিস্ট্রেশন করার সুযোগ ছিলো। প্রতিযোগীদের এই তালিকায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার সকল স্টাফ, স্কুল-কলেজের শিক্ষক এবং বিভিন্ন বয়সের স্বাস্থ্যসচেতন নাগরিকরা যুক্ত রয়েছেন।

নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক দল, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সব অংশগ্রহণকারীকে একই রঙের জার্সি ও ক্যাপ দেওয়ার পাশাপাশি নাস্তা এবং পানির সুব্যবস্থা করা হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও ইউএনও ইবনে আল জায়েদ হোসেন জানান, প্রথমে নিজেদের মধ্যে ছোট পরিসরে ভাবলেও ধীরে ধীরে এর পরিধি অনেক বেড়ে যায়। বিজয়ীদের জন্য কী থাকছে—এমন প্রশ্নে তিনি জানান, চারটি ক্যাটাগরিতে আকর্ষণীয় প্রাইজমানি এবং প্রতি ক্যাটাগরিতে সেরা ২০ জন করে মোট ৮০ জনকে পদক প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়