প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৮:২৮
ফরিদগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিহত

ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীতলা এলাকায় হরিনাম সংকীর্তনে যাচ্ছিলেন শংকর চন্দ্র শীল। তিনি রিকশা থেকে নেমে নারিকেল গাছতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।








