প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২২:৫৭
আইসিটি, ইংরেজি ও রসায়নে দুর্বলতার কারণেই বেশি ফেল
কচুয়ায় পরীক্ষার ফল মূল্যায়ন সভা

কচুয়া উপজেলায় সম্প্রতি প্রকাশিত এসএসসি, এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল মূল্যায়ন এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সদ্য প্রকাশিত পরীক্ষার ফলাফল, পাস-ফেলের হার, বিষয়ভিত্তিক দুর্বলতা এবং আগামীদিনের শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন— কচুয়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদী হাসান, ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ এস এম ফখরুদ্দিন, আশরাফপুর গণিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস সরদার, আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশারেফ হোসেন চৌধুরী, মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম পাটওয়ারী এবং কচুয়া সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সপেক্টর সগীর আহমদ।
সভায় বক্তারা জানান, এবারের পরীক্ষার ফলাফলে অধিকাংশ অকৃতকার্য শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইংরেজি এবং রসায়ন বিষয়ে দুর্বলতার কারণে ফেল করেছে। কেবল চলতি ব্যাচের শিক্ষার্থীই নয়, পুরোনো ব্যাচের যেসব শিক্ষার্থী পুনরায় পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের অনেকেও এসব বিষয়ে অকৃতকার্য হয়েছে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত করে তাদের বিশেষ নজরদারির আওতায় আনা এবং পাঠদান পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপর জোরালো তাগিদ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, “শিক্ষার মানোন্নয়ন এবং পরীক্ষার ফলাফলে ইতিবাচক পরিবর্তন আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধিসম্মত সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। আগামীতে ভালো ফলাফল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।”
উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার বলেন, “উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই মানদণ্ডে পাঠদান ও পরীক্ষা পদ্ধতি অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের ওপর কোনো অতিরিক্ত চাপ নেই; আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি কাঙ্ক্ষিত পাসের হার অর্জন করা। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”








