প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৫
জ্বালানি তেল ও এলপিজি বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং বৈধ লাইসেন্স ছাড়াই এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
|আরো খবর
সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার দেবপুর বাজার, কৈয়ারপুল, ধেররা এবং বলাখাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিমাপে কম জ্বালানি তেল বিক্রির অপরাধে 'এইচ. বি. সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন'কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স ব্যতিরেকে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে 'সিদরাত ফুয়েল স্টেশন'কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা দেয়।
অভিযানকালে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, সঠিক ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও অবৈধ মজুদ থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থ রক্ষায় এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।








