প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২২:৫২
রেলওয়ে হকার্স মার্কেটে ভোক্তা অধিকারের অভিযানে দু প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা এবং নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি ক্রিম বিক্রির অপরাধে ‘ফ্যামিলি মার্ট’ নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়াই খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ‘অনন্যা এন্টারপ্রাইজ’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই অভিযানে জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা ও অঙ্গীকার প্রদান করে।
অভিযানের অংশ হিসেবে হকার্স মার্কেটের অন্যান্য দোকানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, সঠিক ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি থেকে বিরত থাকা এবং কোনো ধরনের অবৈধ মজুদদারি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারের পণ্যের গুণগত মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






