রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫

চাঁদপুর জেলাব্যাপী ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযান

নিষিদ্ধ সংগঠনের ৩৮ নেতাকর্মী ও ৬ মাদক কারবারি গ্রেফতার, ২৫ কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।

চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৮ জন নেতাকর্মী, ৬ জন মাদক কারবারি এবং ২৫ জন কিশোর গ্যাং সদস্যসহ মোট ৬৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।

রোববার (৮ নভেম্বর ২০২৬) জেলা পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত শনিবার (০৭ নভেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন থানা এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের বিস্তারিত চিত্র :

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী গ্রেফতার : জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মোট ৩৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জে ৮ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৪ জন, হাজীগঞ্জে ৪ জন, মতলব দক্ষিণে ২ জন এবং শাহরাস্তি থানায় ২ জন গ্রেফতার হয়েছেন।

মাদকবিরোধী অভিযান : মাদকবিরোধী অভিযানে মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে শাহরাস্তিতে ২ জন (৪০ গ্রাম গাঁজা), ফরিদগঞ্জে ২ জন (২ পিস ইয়াবা), মতলব উত্তরে ১ জন (২০ গ্রাম গাঁজা) এবং হাইমচরে ১ জন (২ পিস ইয়াবা) গ্রেফতার হন।

কিশোর গ্যাং দমন : জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এর মধ্যে ফরিদগঞ্জে ৫ জন, কচুয়ায় ৫ জন, হাইমচরে ৪ জন, মতলব দক্ষিণে ৪ জন, হাজীগঞ্জে ৪ জন এবং চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন আটক হন।

আইনগত ব্যবস্থা :

পুলিশ জানিয়েছে, আটককৃত কিশোরদের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১ জন কিশোরের বিরুদ্ধে নিয়মিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত অন্যান্য আসামির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূলে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়