প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১২:২২
খণ্ডে খণ্ডে অখণ্ড জীবন

(একষট্টিতম পর্ব)
হাস্যরসের জীবন
জীবন নিরেট রামগরুড়ের ছানা নয়। কেবল গোমড়ামুখো হয়ে জীবন চলে না। তার যাপনের পথে নানা হাস্যরসের স্রোত এসে মেশে। ব্যক্তি তাতে সমৃদ্ধ হয়, জীবন তাতে স্বস্তি পায়। সময়টা সুস্থ থাকে। খণ্ডে খণ্ডে গড়ে ওঠা অখণ্ড জীবনে এসব হাস্যরস বড় হওয়ার শক্তি জোগায়, জীবনে পূর্ণতা এনে দেয়। এগুলোকে বলা যায় জীবনের ডেজার্ট কিংবা শেষপাতে দধির মতো তৃপ্তির ঢেঁকুর এনে দেওয়া অমূল্য হিরে-মানিক।
শৈশবে কুকুরে কামড়ানোর কারণে আমাকে চৌদ্দ দিনের কারাবন্দি জীবনযাপন করতে হয়েছিল দিদিমার আদরে-আশ্রয়ে। কারণ চৌদ্দটা ভ্যাকসিন নাভির চারপাশে দিতে হলে মামাবাড়ির শায়েস্তা খাঁ ডাক্তারের কাছে প্রতিদিন হাজিরা দিতে হতো। সে সময় দিদিমা অনেক মজার মজার গল্প বলে আমাকে মাতিয়ে রাখতেন। তাঁর একটা গল্প ছিল মন্মথ নামে এক লোককে নিয়ে। তার একটু কেরু কোম্পানির সেবা নেওয়ার অভ্যেস ছিলো। একদিন রাতে এরকম রঙিন পানির সেবায় সিক্ত হয়ে মন্মথ পথ চলছিলেন আপন গৃহে। কিন্তু আত্মনিয়ন্ত্রণ হারানোর কারণে তিনি টলছিলেন সদ্য হাঁটতে শেখা শিশুটির মতো। ফলে একসময় ভুল জায়গায় পা দিয়ে তিনি পড়ে গেলেন নিকটবর্তী ড্রেনে। ড্রেনে উপুড় হয়ে পড়া মন্মথকে পেয়ে নিঃসঙ্গ নেড়ি কুকুর তাঁকে জিভ দিয়ে লেহন করে জাগাতে চেষ্টা করছিল আপ্রাণ। কিছুক্ষণ পরে ওই পথ দিয়ে যাচ্ছিলেন মন্মথের সাথে এক টেবিলে সুরাসেবনকারী আরেকজন চেনাজানা লোক। এ দৃশ্য দেখে তিনি ছন্দে ছন্দে আফসোস করে বলে উঠলেন,
‘হায় রে মন্মথ
কুকুরেতে লেহত।’
আমাদের বাসায় একসময় মানিক নামের একজন মহিলা ক্ষুদ্র ব্যবসায়ী আসতেন বিছানার চাদর ও বালিশের কাভার বিক্রির জন্য। তার কাছ থেকে একবার মা সুন্দর একটা বিছানার চাদর কিনলেন, যার কেন্দ্রে একটা বড় ময়ূর এমব্রয়ডারি করা ছিলো। তো এই মানিক একদিন তাঁর বস্তা নিয়ে বিক্রি-বাট্টার উদ্দেশ্যে বাসায় আসলো। সে সময় আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন দুষ্টু ও ডানপিটে এক শিশু এবং তার মা। শিশুটি ছিলো যেন স্বয়ং হনুমানের অবতার। ক্ষণে এটা ধরে, ক্ষণে ওটা ছিঁড়ে—এমনি তার অবস্থা। তার দৌরাত্ম্য সবাইকে ব্যতিব্যস্ত করে তুলছিলো। একসময় সেই শিশুটি পুষ্পবতী এক পেঁপে গাছের পুষ্পকলি ছেঁড়ায় মন দিলো। তা দেখে মানিক বারণ করে বলে উঠলো, ‘এ্যাই বাবু, কঁইয়ার ফুল ছিঁড়বে না, পেঁপে ধরবে না।’ মানিকের সাধু ভাষায় ভাবপ্রকাশের প্রাণান্ত চেষ্টায় উপস্থিত সবাই বিনোদিত হয়েছিলো কিঞ্চিৎ, কেননা ‘কঁইয়া’ হলো পেঁপের স্থানীয় রূপ।
আমার এসএসসির স্কুল ছিলো চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। এ স্কুলের ছাত্রদের লেজ কখনও লুপ্ত হয় না, যদিও হোমো স্যাপিয়েন্সের লেজ লুপ্ত হয়ে হাড়গুলো কক্সিসে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু কলেজিয়েট স্কুলের ছেলেদের লেজ অনবলুপ্ত ও অদৃশ্য। কেবল ভুক্তভোগীরাই এটা টের পায়। আমাদের কালাপানি স্যার (ওঁর খেতাবি নাম, কেতাবি নামটা অনুল্লেখ্য) একবার ছাত্রদের বকবকানির জ্বালায় অতিষ্ঠ হয়ে বললেন, “গাধা ছাড়া সবাই দাঁড়িয়ে থাক।” তো সবাই বসে গেলেও ফরহাদ দাঁড়িয়ে রইলো যথারীতি। কালাপানির আদুরে ডাকে ফরহাদ ছিলো ঝনঝইন্যা পোলা। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্যার জিজ্ঞেস করলেন, “তুই দাঁড়িয়ে রইলি ক্যান? তুই কি গাধা?”
ফরহাদ নির্ভয়ে বলল, “স্যার, আপনাকে সঙ্গ দিতে দাঁড়িয়ে আছি।”
মহিম কাকা আমাদের আপন কাকা না হলেও এর চেয়ে কিছু কম যান না। তিনি আমার বাবার চাচাতো ভাই, অনুকূল দাদুর ছেলে। তিনি অকৃতদার বিধায় থাকতেন তাঁর বোন মাধুপিসির পরিবারের একজন হয়ে। তিনি সামনের ঘরে থাকতেন। একরাতে চোর এলো তাঁদের ঘরে নিশিকুটুম্ব হয়ে। মহিম কাকা বিছানা না ছেড়ে মৃদু স্বরে ঘরের বেড়ায় চপেটাঘাত করে বলতে লাগলেন, “এই চোর, যাঃ যাঃ।”
কাকার কথা শুনে মাধুপিসি তাঁকে বললেন, “চোর কি আপনার তালতো ভাই লাগে?”
খেলাঘর চট্টগ্রাম মহানগরীর হয়ে শিশু আনন্দমেলায় আমরা অংশগ্রহণ করেছিলাম সেসময়। আমাদের একটা নাটকের রিহার্সাল হচ্ছিলো। নাটক ছিলো রবীন্দ্রনাথের লেখা ‘রাজা ও রাজদ্রোহী’। টুম্পাদি ছিলেন বিচারকের চরিত্রে, চোরের চরিত্রে ছিলেন বাবুনদা। নাটকে তাঁর নাম যদু। বারবার বলার কারণে একসময় টুম্পাদির মুখে জড়তা ভর করলো। রিহার্সালের সময় তিনি কিছুতেই আর যদু নামটা উচ্চারণ করতে পারছিলেন না। কোনোমতে কষ্টেসৃষ্টে তিনি বলে উঠলেন, “যোদা!” সেই থেকে যোদা নামটি আমাদের হাসির খোরাক হয়ে উঠলো।
ছোটোখাটো হলেও কিরণের কথার ধার অনেক বেশি। তার রেডিমেড উইট অসাধারণ। সবচেয়ে অসাধারণ হলো তার সে উইট পরিবেশনের ধরন। আমাদের সিনিয়র ভাই বেলায়েত হোসেন যখন পরিচিত হতে আসেন, তখন তিনি বললেন, “আমি বেলায়েত হোসেন ঢালী।”
কিরণ তৎক্ষণাৎ বলে উঠলো, “বেলায়েত ভাই, এখন ঢাইল্যো না, আগে একটা পাত্র নিয়ে আসি।”
কিরণের হাস্যরসে বেলায়েত ভাই থতমত খেয়ে উঠলেন।মাঝে মাঝে আমার রোগীদের কেউ কেউ এমন কথা বলেন, তাতে না হেসে পারা যায় না। একজন রোগিনী এলেন বিবি দুখিয়া নামে। জিজ্ঞেস করলাম তার বয়স কত। তিনি জবাবে বললেন, “বিষ দেন।”
আমি অবাক হয়ে চেয়ে রইলাম। বয়স জিজ্ঞেস করায় তিনি বিষ দিতে বললেন কেন? পরে তার সাথে আসা বড় বোন বললেন, “বিষ নয়, কুড়ি বছর লেখেন।”
অতঃপর এ কথা শুনে আমার হেসে কুটি কুটি হওয়ার পালা।
আমাদের বাসায় যিনি দুধ দিতেন প্রতিদিন সকালে, তিনি হলেন কলমতর খাঁ। তাকে আমি চাচা বলে ডাকতাম। শীতকালে কলমতর খাঁ ঠান্ডা থেকে বাঁচতে পায়ে কেডস পরে আসতেন। একদিন আমার বড় ছেলে তাকে জিজ্ঞেস করলো, “দাদু, আপনি পায়ে ওগুলো কী পরেছেন?”
জবাবে চাচা বললেন, “ক্যাসেট।”
তাঁর জবাব শুনে আমি ঘরের ভেতর থেকেই হো হো করে হেসে উঠলাম।
চিকিৎসাবিজ্ঞান অধ্যয়নকালে প্রথম বর্ষে আমাদের এক বন্ধু লিভার সিরোসিসকে বলে উঠলো লিভার কাইরোসিস! ব্যস! এরপর তার চারপাশে থাকা বন্ধুদের হাসি আর থামে না। ঠিক এমনি করেই পেজার শাপা যখন ‘ভেগু পেইন’ বলে ওঠে, তখন আর হাসি দমিয়ে রাখা যায় না। বন্ধু আরশাদও প্রথম প্রথম ব্লাডকে বিলাড বলতো। এভারগ্রিন ক্লিনিকে এক রোগীর অ্যাটেনডেন্ট হন্তদন্ত হয়ে একদিন দোতলা থেকে নেমে নার্স স্টেশনে এসে বললো, “সিস্টার সিস্টার, আমার রোগীর ব্লাডিং হইতেছে।”
তাঁর কথায় নার্সদের মধ্যে হাসির নহর বয়ে গেলো।
মেডিকেল কলেজে প্রথম প্রফ বা প্রথম প্রফেশনাল এমবিবিএসে আমার আগের জনকে ভাইভাতে জিজ্ঞেস করা হয়েছিলো, ‘টেসটিস’ কোথায় থাকে? সে ঘাবড়ে গিয়ে উত্তর দিলো, টেস্টিস ব্রেনে থাকে! তাঁর উত্তর আজও অনেকের হাসির খোরাক। তেমনি আরেক ভাইভায় জিজ্ঞেস করা হলো, “তোমার বাবার নাম কী?” ছাত্রটি তার চেনা এক্সটার্নালের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে তাঁর নাম বলে দিলো। এসব এখনো কিংবদন্তি।
আমার ভাগ্নে আঁকন তার হাঁটি হাঁটি পা পা শৈশব থেকেই একটু দুষ্টু ছিলো। এখন অবশ্য সে কলেজের সহকারী অধ্যাপক, সুবোধ ও শোভন। কিন্তু সেই ছোটোবেলায় কোনো এক অতিথি বাসায় আসলে আঁকনকে দেখে আদর করে কাছে টেনে নিলেন। তারপর তাঁকে জিজ্ঞেস করলেন, “তোমার মা-বাবার নাম কী?”
জবাবে আঁকন বলে উঠলো, “আমার বাবার নাম শুকনা মরিচ, আমার মায়ের নাম কাঁচা মরিচ।”
আঁকনের উত্তর শুনে সবাই অবাক হওয়ার পরিবর্তে হেসে উঠলো একযোগে। আজও তার বলার ঢং মনে পড়লে আমি হেসে উঠি আপনমনে।
রোগী দেখার তাগিদে একবার এক বাড়িতে যাওয়ার প্রয়োজন পড়লো। বাড়িটা আমি চিনি না, কিন্তু সে বাড়ির একটা পরিচয় আছে। বাড়িটাকে নাকি ধ্যান্দা বাবুর বাড়ি বলে। যে আমাকে ঠিকানা দিয়েছিলো, সে-ই এ কথা জানালো। আমি এলাকায় গিয়ে বাড়িটা চিনতে না পারার কারণে পথ দিয়ে হন্তদন্ত হয়ে যাওয়া একজনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, “ভাই, ধ্যান্দা বাবুদের বাড়ি কোনটা?”
সে দাঁড়িয়ে বললো, “চলেন আমার সাথে। আমিই ধ্যান্দা বাবু। যে বাড়িতে আপনি রোগী দেখতে যাবেন, ওটা আমাদের বাড়ি।”
তাঁর কথা শুনে আমার হাসি পেয়ে গেলো। বললাম, “ভাই, কিছু মনে করবেন না।”
সে উল্টো হেসে বললো, “না স্যার। এখন এটাই আমার পরিচয়। ধ্যান্দা না বললে কেউ চেনে না।”
যার জীবনে হাস্যরস নেই, তার জীবনে যাপনের সৌন্দর্য নেই। জীবন কেবল নিরেট আহার-নিদ্রা নয়। জীবন মানেই সকল রসের অনিন্দিত ধারা।
(চলবে)







