সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২২:২৭

শহরের পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে চাঁদপুরে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন

শহরের পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে চাঁদপুরে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন
অনলাইন ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিট। ‘ডেঙ্গু প্রতিরোধে সতর্ক হোন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বিভিন্ন মহল্লায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। এ সময় সাধারণ মানুষকে ডেঙ্গু রোগের ভয়াবহতা, এডিস মশার প্রজননস্থল এবং মশার কামড় থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে সচেতন করা হয়।

অভিযানে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, পানির ট্যাংক ও বিভিন্ন পরিত্যক্ত সামগ্রীতে জমে থাকা পানি নিয়মিত অপসারণের পরামর্শ দেওয়া হয়, কারণ এসব স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিস মশা বংশবিস্তার করে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার, রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক রিয়াজুর রহমান রানা। যুব রেড ক্রিসেন্টের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবীরা এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।

যুব রেড ক্রিসেন্টের সদস্যরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক প্রচারণা যথেষ্ট নয়; প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমেই কেবল এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।

রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা গড়ে তুলতে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় রেড ক্রিসেন্টের এই উদ্যোগ চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ এবং একটি পরিচ্ছন্ন ও সচেতন নগরী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়