প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩২
ক্রীড়াকণ্ঠের সাথে একান্ত সাক্ষাৎকারে শাহরাস্তির গৌরব সাদ্দাম হোসেন মিঠু
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে যে স্বীকৃতি পেয়েছি তা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন

শাহরাস্তি উপজেলা ক্রিকেট একাডেমির পরিচালক, টেপ টেনিস অঙ্গনে সাড়া জাগানো এসপিএল আয়োজনের কারিগর, ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ যিনি অর্জন করেছেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত শাহরাস্তি উপজেলার সূচীপাড়া গ্রামের ক্রিকেট পাগল সাদ্দাম হোসেন মিঠু ক্রীড়াকণ্ঠের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাঠকদের উদ্দেশ্যে তাঁর সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো :
ক্রীড়াকণ্ঠ : মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ গ্রহণের মুহূর্তটি আপনার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। এই বিশেষ সম্মাননা পাওয়ার পর আপনার প্রথম অনুভূতি কেমন ছিল?
সাদ্দাম হোসেন মিঠু : মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রীড়া উন্নয়নে অবদান রাখার জন্য স্বীকৃতি পেয়েছি—তা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি এজন্য আমাদের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শাহরাস্তিবাসীর প্রতি।
ক্রীড়াকণ্ঠ : উপজেলা পর্যায়ে কাজ করে জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে বড় একটি অর্জন। এই সাফল্য আপনার কাজের পরিধি ও দায়িত্ববোধকে কতোটা বাড়িয়ে দিয়েছে বলে আপনি মনে করেন?
সাদ্দাম হোসেন মিঠু : মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে তৃণমূল পর্যায়ে আরও বেশি বেশি কাজ করার নির্দেশনা দিয়েছেন। এজন্য আমরা আরও বেশি অনুপ্রাণিত হয়েছি এবং আমাদের কার্যক্রম আরও বিস্তৃত আকারে করতে উৎসাহিত হয়েছি।
ক্রীড়াকণ্ঠ : ‘শাহরাস্তি ক্রিকেট একাডেমি’ এবং ‘শাহরাস্তি প্রিমিয়ার লিগ’ আজ শুধু স্থানীয় পর্যায়ে নয়, জাতীয়ভাবেও পরিচিতি লাভ করেছে। এই দীর্ঘ ও বন্ধুর পথচলার পেছনের কঠিন লড়াই এবং ঘুরে দাঁড়ানোর গল্পটা আমাদের পাঠকদের সঙ্গে একটু শেয়ার করবেন কি?
সাদ্দাম হোসেন মিঠু : শাহরাস্তি ক্রিকেট একাডেমি পরিচালনা করার মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে জাতীয় মানের অনেক ক্রিকেটার তৈরি করা। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, অল্প সময়ের মধ্যে শাহরাস্তি ক্রিকেট একাডেমি ব্যাপক পরিচিতি লাভ করেছে। আমাদের একাডেমির ছেলেরা ঢাকায় লিগ খেলছে, পাশাপাশি চাঁদপুর জেলার হয়ে বয়সভিত্তিক দলগুলোতেও খেলছে।
ক্রীড়াকণ্ঠ : ‘শাহরাস্তি প্রিমিয়ার লিগ’ পরিচালনার মূল উদ্দেশ্য সম্পর্কে কিছু বলুন।
সাদ্দাম হোসেন মিঠু : শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল) টুর্নামেন্টটি পরিচালনা করার মূল উদ্দেশ্য হচ্ছে পুরো বাংলাদেশে শাহরাস্তি উপজেলাকে ক্রীড়াঙ্গনের রোল মডেল হিসেবে তুলে ধরা। ইতোমধ্যে ব্যাপক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই টুর্নামেন্টটি দেশের অন্যতম সেরা একটি টুর্নামেন্টে পরিণত হয়েছে।
ক্রীড়াকণ্ঠ : আপনার টুর্নামেন্টে জাতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সাইফউদ্দিন থেকে শুরু করে জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের মতো ব্যক্তিত্বদের উপস্থিতি তরুণদের মধ্যে দারুণ উদ্দীপনা যুগিয়েছে। এই তারকাদের সংযুক্তি আয়োজনে কী ধরনের ভিন্নমাত্রা যোগ করেছিল?
সাদ্দাম হোসেন মিঠু : জাতীয় দলের তারকা ক্রিকেটারদের আনার মূল উদ্দেশ্য হলো—খুব কাছ থেকে জাতীয় অনেক ক্রিকেটারকে দেখতে পেয়ে তরুণ সমাজ যেন খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে।
ক্রীড়াকণ্ঠ : মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলাকে আপনি শক্তিশালী হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। তৃণমূলের তরুণদের ক্রীড়ামুখী করার এই লড়াইয়ে আপনার মূল অনুপ্রেরণা কে বা কারা?
সাদ্দাম হোসেন মিঠু : আমার মূল প্রেরণা হলো আমার ইচ্ছাশক্তি, খেলাধুলার প্রতি অগাধ পাগলামি এবং ভালোবাসা। যেভাবে তরুণরা মাদক ও অসামাজিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে এনে খেলামুখী করতে পারাটা আমার জন্য অনেক বড় একটি অর্জন।
ক্রীড়াকণ্ঠ : শাহরাস্তি তথা সমগ্র অঞ্চলের ক্রীড়াঙ্গনকে নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্ন বা মহাপরিকল্পনা কী? অদূর ভবিষ্যতে নতুন কোনো বড় উদ্যোগের কথা কি ভাবছেন?
সাদ্দাম হোসেন মিঠু : শাহরাস্তি ক্রিকেট একাডেমি নিয়ে আমার অনেক বড় স্বপ্ন রয়েছে। আমি বিশ্বাস করি, পরিশ্রম ও সততা থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। আমি বিশ্বাস করি, একদিন শাহরাস্তি থেকে জাতীয় ক্রিকেটার বের হবে—যারা বিশ্ব জয় করবে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
ক্রীড়াকণ্ঠ : আপনার এই অসামান্য অর্জনে শাহরাস্তির ক্রীড়ামোদী মানুষসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উল্লাস দেখা গেছে। দেশের তরুণ ও উদীয়মান ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্যে আপনার কোনো বিশেষ বার্তা বা পরামর্শ আছে কি?
সাদ্দাম হোসেন মিঠু : শাহরাস্তিবাসীর উদ্দেশ্যে আমার একটাই চাওয়া—আমি আপনাদেরই সন্তান। খেলাধুলার মাধ্যমে আগামী দিনে শাহরাস্তি উপজেলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দেবেন, এটুকুই আপনাদের কাছে চাওয়া।








