প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৪:৪৭
হাজীগঞ্জে পুকুর থেকে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

হাজীগঞ্জে নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে মো. দুলাল আলম (৬০) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল আলম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
|আরো খবর
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে ওড়পুর নোয়াপাড়া এলাকার লাল মিয়া বাড়ির একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে নিজ বাড়ি থেকে ৫-৬ বাড়ি দূরে লাল মিয়া বাড়ির পুকুরে দুলাল আলমের লাশ ভাসতে দেখে তারা চিৎকার করেন। মুহূর্তেই শত শত গ্রামবাসী পুকুরপাড়ে ভিড় জমান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরে দুলাল আলম বাড়িতে ঘুমাচ্ছিলেন না। গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে শেষবার কথা বলে তিনি অন্যত্র ঘুমাতে যান। এরপর বুধবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়ার খবর পান পরিবার। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।
নিহতের সহকর্মী ও বর্তমান ইউপি সদস্য আব্দুল খালেক মিয়া জানান, খবর পেয়ে তিনি ইউপি চেয়ারম্যানসহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, “নিহতের লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে কিসের আঘাতে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয়।”
কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, মো. দুলাল আলম তার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, ময়নাতদন্তের জন্য দুলাল আলমের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।”








