প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৬:৫৭
ফুটবলের ঐতিহ্য ফেরাতে ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে : এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
চাঁদপুর স্টেডিয়ামে জমকালো আয়োজনে শুরু হলো ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

চাঁদপুর স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। উদ্বোধনী ম্যাচে মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল পরস্পরের মুখোমুখি হয়।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘদিন পর এই ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই সুন্দর আয়োজনের জন্য আমি চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাই। আমাদের ফুটবল খেলা অনেকখানি পিছিয়ে পড়েছিল; এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের সেই হারানো ঐতিহ্য পুনরায় ফিরে আসবে।”
উপজেলাগুলোর ক্রীড়া সংগঠকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি প্রতিটি উপজেলার প্রতি অনুরোধ করবো, আপনারা খেলা উপভোগ করতে আসার সময় অন্তত পাঁচ শতাধিক দর্শক বা সমর্থক সঙ্গে নিয়ে আসবেন। মাঠে সাপোর্টার বা দর্শক না থাকলে খেলার আসল আনন্দ পাওয়া যায় না। যত কষ্টই হোক, সমর্থকদের মাঠে নিয়ে আসতে পারলে আমাদের ফুটবলকে বহুদদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।”
জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, চাঁদপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) খায়রুল কবির, জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন বাবুল খান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সচিব জয়নাল আবেদীন জনু, জেলার আট উপজেলার নির্বাহী অফিসারগণ (ইউএনও) এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানশেষে প্রধান অতিথি মাঠে গিয়ে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। পুরো অনুষ্ঠানটি ক্যামেরাবন্দী করেন ফটোসাংবাদিক চৌধুরী ইয়াসিন ইকরাম।








