প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০:৫০
মতলবে মাদকবিরোধী মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট
তরুণ সমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই
—আশরাফুর রহমান বাবু

মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের কফি হাউজ মাঠে তরুণ সমাজের আয়োজনে মাদকবিরোধী মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও বিজয়ীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাতে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।
তিনি বলেন, "মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্রীড়া ও সংস্কৃতি চর্চা যুবসমাজকে মাদক, অপরাধ এবং সব ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। আমাদের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের তরুণদের এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।"
তিনি আরও বলেন, "একটি সুস্থ ও সবল জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদক একটি পরিবার ও সমাজকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাদকমুক্ত একটি সুন্দর মতলব ও দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হই। খেলাধুলার এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।"
বিশিষ্ট সমাজসেবক মো. আজমত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. ওমর ফারুক বিলু ও মো. আমির খান, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেল, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ প্রমুখ।
টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন মো. ফয়সাল খান, মো. রাকিব হোসেন ও মো. রিয়াদ খান। খেলাশেষে প্রধান অতিথি যুবদল নেতা আশরাফুর রহমান বাবু বিজয়ী দলের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।








